শরীয়তপুরে অবাধে চলছে জাটকা শিকার
শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবাধে চলছে জাটকা আহরণ ও বিক্রি। নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ ও বিপণন নিষিদ্ধ। নদীতে পুলিশের টহল না থাকার কারণে নিষেধাজ্ঞা অমান্য করেই জেলেরা এ কাজ করছেন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। এ সময় নদীতে অন্য মাছ শিকার করলেও ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ (জাটকা) শিকার করা যাবে না। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। শরীয়তপুরে ২০ হাজার জেলে পরিবার মাছ শিকার ও বিপণনের সঙ্গে জড়িত। এ বছর সরকার ১৫ হাজার ২০০ পরিবারকে পুনর্বাসন সহায়তা দিচ্ছে। প্রতিটি পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এ সহায়তা দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাট, ওয়াপদা বাজার; ভেদরগঞ্জের গৌরাঙ্গবাজার, স্টেশনবাজার, আলুরবাজার; গোসাইরহাটের চরজালালপুর, মাঝেরচর কোদালপুরসহ বিভিন্ন এলাকায় জেলেরা জাটকা শিকার করছেন।
শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর তীরবর্তী ২০টি স্থানে সন্ধ্যা ও ভোর রাতে জাটকা বিক্রি করা হয়। পাইকারি মাছ ব্যবসায়ীরা এসব স্থান থেকে রাতে জাটকা কিনে বিভিন্ন জেলায় সরবরাহ করেন। অনেক ব্যবসায়ী পয়লা বৈশাখে বেশি দামে বিক্রি করার আশায় জাটকা মজুত করছেন।
ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বাহারচর গ্রামের জেলে দেলোয়ার হোসেন বলেন, ‘মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। তাই সারা বছরই নদীতে থাকতে হয়। অন্য মাছের সঙ্গে কিছু জাটকা আমাদের জালে ধরা পড়ে। পেটের অভাবেই এ অন্যায় করতে হচ্ছে।’ গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বিশকাটালি গ্রামের জেলে মস্তফা মিয়া বলেন, ‘আট মাস জাটকা ধরা নিষিদ্ধ, আমরা গরিব মানুষ, দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ রাখলে খাব কী? সরকার যা সহায়তা দেয়, তা দিয়ে কিছুই হয় না।’
জেলা মৎস্য কর্মকর্তা দয়াল চন্দ্র রায় বলেন, ‘আজকের জাটকা আগামী দিনের বড় ইলিশ, এ বাস্তবতাটি জেলেদের বোঝানোর জন্য আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। কিছু জেলে অন্যায়ভাবে জাটকা শিকার করছেন। জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেক জেলেকে আইনের আওতায় আনা হয়েছে।’
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের একটি নৌপুলিশ ফাঁড়ি রয়েছে; যেখানে লোকবল ও পরিবহন-সংকট থাকায় নদীতে সব সময় টহল দেওয়া যায় না। জাটকা শিকার বন্ধে পুলিশ প্রায়ই অভিযান চালায়।’