শরীয়তপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরদারকে (৪২) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। গত বৃহস্পতিরবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় মান্নান সরদার এবং তাঁর সমর্থক ও আত্মীয়স্বজনদের অন্তত ২০টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।নিহত মান্নান সরদারের পরিবারের অভিযোগ, জমি-জমাসংক্রান্ত বিরোধ ও চাঁদা না পেয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায় এবং মান্নান সরদারকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে কুপিয়ে হত্যা করে।প্রত্যক্ষদর্শী, গ্রামবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেল ও নৌকায় করে সন্ত্রাসীরা শরীয়তপুর ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) শিল্প নগরীর মাঠে জড়ো হতে থাকে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফারুক চৌকিদার ও বাচ্চু বেপারীর নেতৃত্বে প্রায় ২০০ মানুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কোটাপাড়া লঞ্চঘাটে মান্নান সরদারের সমর্থক ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা আজমত আলী ছৈয়ালের ছয়টি, মতলব ফকিরের তিনটি, মালেক ফকিরের তিনটি এবং আলমগীর ছৈয়ালের একটি দোকান ভাঙচুর করে। এরপর হামলাকারীরা লঞ্চঘাট থেকে সিকি কিলোমিটার দূরে কুরাশি গ্রামে মান্নান সরদারের বাড়িতে হামলা চালায়। তারা মান্নান ও তাঁর ভাই আবদুর রব সরদারের তিনটি বাড়িতে ভাঙচুর চালায়। মান্নান সরদার তখন বাড়িতে ছিলেন না। খবর পেয়ে তিনি বাড়িতে এলে হামলাকারীরা তাঁকে ধাওয়া করে। তিনি বসতঘরের ভেতরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ঘরের বেড়া ভেঙে তাঁকে বের করে আনে। এরপর বাড়ির পাশে ফসলি জমিতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মান্নানকে উপর্যুপরি কোপানো হয়। এ সময় হামলাকারীরা তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখানে ফেলে রেখে সন্ত্রাসীরা পাশের বাঘিয়া গ্রামে ফজলুল হক মুন্সীর বাড়িতে হামলা চালায়।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত মান্নানের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। দুই পা ও হাতের রগ কাটা ছিল এবং বুকে টেঁটাবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল।শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুর রব মুন্সী বলেন, ‘মান্নান দলের নিবেদিত নেতা ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ওই ঘটনার পর থেকে ফারুক চৌকিদার ও বাচ্চু বেপারী এলাকায় নেই। তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে সব ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ ঘটনায় আজ (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে সুজন পাহাড় নামের একজনকে বিকেলে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার পাহাড়কান্দি গ্রামে।