শরীয়তপুরে আ.লীগের দুই পক্ষের পৃথক নাম প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে বিভক্তির সৃষ্টি হয়েছে। জেলা আওয়ামী লীগের দুটি পক্ষ দুজনের নাম প্রস্তাব করেছে। এক পক্ষ বর্তমান মেয়র ও জেলা কমিটির সভাপতি আবদুর রব মুন্সির নাম এবং অপর পক্ষ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমীনের নাম প্রস্তাব করে।
নুরুল আমীন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের এবং আবদুর রব আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ইকবাল হোসেনের অনুসারী।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সভা করে স্থানীয় সাংসদের পরামর্শ নিয়ে একজন প্রার্থীর নাম সভানেত্রীর কাছে প্রস্তাব করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। কিন্তু শরীয়তপুর পৌরসভার মেয়র পদে মনোনয়ন নিয়ে দুই পক্ষ আলাদাভাবে দুজনের নাম প্রস্তাব করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বি এম মোজম্মেল হক ও ইকবাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাই দুই পক্ষই চাইছে, তাদের অনুসারী কেউ মেয়র পদে মনোনয়ন পান। এ কারণে দুই পক্ষ আলাদাভাবে প্রার্থীর নাম প্রস্তাব করেছে। এখন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে সবাই তাকিয়ে আছেন।
আবদুর রব মুন্সি বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে সভা করে প্রার্থীর নাম প্রস্তাব করার। আমি সভা আহ্বান করি। সভায় উপস্থিত সদস্যরা আমার নাম প্রস্তাব করেন। আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
নুরুল আমীন বলেন, ‘স্থানীয় সাংসদের নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির নেতারা মেয়র প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করেছেন। আমার কাজের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেবেন বলে আমি আশা করছি।’