শরীয়তপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মোল্যার হাটে আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলতাফ হোসাইনের ছোট ভাই সোহাগ ছৈয়াল মোল্যার বাজার-চরসেন্সাস সড়কের উন্নয়নকাজ করছে। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যার সমর্থকেরা শুক্রবার সড়কের মাটি কাটার কাজে বাধা দিলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।এ ঘটনার জের ধরে গতকাল সকালে হুমায়ুন কবির মোল্যার সমর্থকেরা আলতাফ ছৈয়ালের লোকজনকে ধরে মোল্যা বাজারে মারধর করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে আলতাফ হোসাইনের সমর্থকেরা বাজার ঘেরাও করে। তখন উভয় পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। ইটের আঘাতে ও দায়ের কোপে দুই পক্ষের ২৭ জন আহত হয়। সংবাদ পেয়ে গোঁসাইরহাট, ভেদরগঞ্জ, সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে গোঁসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্যা, সখিপুর থানার ওসি ধীরেন চন্দ্র মহাপাত্র ও কনস্টেবল সুবল চন্দ্র আহত হন। আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতাল ও চাঁদপুরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের চারটি শেল নিক্ষেপ করে। সকাল থেকেই মোল্যার বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। চাঁদপুর-শরীয়তপুর সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।আলতাফ হোসাইন বলেন, ‘ব্যবসার কাজে আমি ঢাকায় অবস্থান করছি। আমার ছোট ভাইয়ের অধীনে একটি সড়কের মাটি ভরাট করার কাজে উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা বাধার সৃষ্টি করে এবং কর্মীদের মারধর করে। গতকাল সকালে আমার লোকজনকে বাজারে আটক করে মারধর করলে আমার শত শত সমর্থক বাজারে জড়ো হয়। তখন উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা আমার লোকজনের ওপর হামলা চালায়।’হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘আলতাফ হোসাইনের সঙ্গে বিএনপির কিছু লোক আধিপত্য বিস্তারের জন্য আমার সমর্থকদের ওপর হামলা চালায়। সড়কের মাটি ভরাটের কাজে আমার কোনো সমর্থক বাধা দেয়নি।’সখিপুর থানার ওসি ধীরেন চন্দ্র মহাপাত্র জানান, কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় মামলা করতে আসেনি। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।