শরীয়তপুরে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রতিনিয়ত ঘটছে খুন, ধর্ষণ ও ডাকাতির মতো ঘটনা। আধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে অহরহ সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় নেতা-কর্মীরা হতাহত হচ্ছেন। প্রভাবশালীদের হস্তক্ষেপে পুলিশ এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা পুলিশ সুপারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট মাসে শরীয়তপুরে ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর অধিকাংশের শিকার হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ধর্ষণের শিকার হয়েছেন ৩৮ জন নারী। অন্যান্যভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১০০টি। ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে ৪০টি। শরীয়তপুরের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছয় শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী আহত হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। দুই শতাধিক ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।গত ৩০ আগস্ট রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সরদারকে। ২১ আগস্ট জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তখন স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল হক মোড়ল ও আজগর কবিরাজ মারা যান। ৩ এপ্রিল গোসাইরহাট উপজেলার কোদালপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ দেওয়ান মারা যান। একই এলাকায় জানুয়ারি মাসে হত্যা করা হয় ছাত্রলীগের নেতা এনামুল হককে।এসব ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে মামলায় আসামি করা হয়। গত ২৩ জুন ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামের হাকিম আলী মৃধা (৮০) ও তাঁর স্ত্রী হাজেরা বেগমকে (৭০) শয়নকক্ষে হত্যা করে ডাকাতদল টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। কোদালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত সামাদ দেওয়ানের ছেলে আহসান উল্লাহ বলেন, ‘আমার বাবার হত্যাকারীরা অধিকাংশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-কর্মী। পুলিশকে প্রভাবিত করে তারা অভিযোগপত্র থেকে অনেকের নাম কাটিয়ে নিয়েছে। তারা এখন জামিনে এসে আমাদের ভয়ভীতি দেখায়।’শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মজলিস খান বলেন, ‘এভাবে দলীয় নেতা-কর্মীদের হত্যা করায় আমরা উদ্বিগ্ন। মান্নানের হত্যাকাণ্ডটি আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। সব সময় আতঙ্কে থাকি আবার কোনো নেতা-কর্মীকে সন্ত্রাসীরা আক্রমণ করে। এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে রাজনীতি করা কষ্ট হয়ে যাবে।’গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীকে ব্যবহার করে জামায়াত-বিএনপি সমর্থকেরা আমাদের নেতা-কর্মীদের হত্যা করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এমন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় আমরা উদ্বিগ্ন।’শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, গত আট মাসে শরীয়তপুরে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সবগুলো আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে। সবগুলো মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।