শরীয়তপুরে ইজিবাইক ও বাসশ্রমিকদের সংঘর্ষে আহত ১০, চলাচল বন্ধ
শরীয়তপুরে বাস-মিনিবাস শ্রমিক ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ সব পথে বাস ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। অবৈধ যান বন্ধ করা না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন বাসশ্রমিকেরা। সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে শরীয়তপুর বাস টার্মিনালে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাসশ্রমিকেরা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেন। এ ঘটনার পরপরই ইজিবাইক শ্রমিকেরা জেলা সদরে শিল্পকলা একাডেমী মাঠে দুটি বাস আটকে ভাঙচুর করেন। বাস আটকে রাখার সংবাদ পেয়ে বাস-মিনিবাস শ্রমিকেরা সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ইজিবাইক শ্রমিকদের ওপর শিল্পকলা একাডেমীসংলগ্ন এলাকায় হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাস ও ইজিবাইক শ্রমিকদের ১০ ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসশ্রমিকেরা বেশ কয়েকটি ইজিবাইক ও ইজিবাইক শ্রমিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করেন। সহকারী পুলিশ সুপার তালেবুর রহমান ও সদর থানার ওসি রবিউল আলমের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে জেলার সব পথে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় বাসশ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে বাসে চড়ে শহরে কয়েক দফা মহড়া দেয়। স্থানীয় প্রশাসন বিষয়টি মীমাংসার জন্য আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক সংগঠন দুটির নেতাদের নিয়ে সভা ডেকেছে। নড়িয়া উপজেলার বাঁশতলা গ্রামের যাত্রী দিদারুল আলম বলেন, অফিস ছুটি হওয়ার পরে সড়কে এসে দেখি, কোনো যানবাহন চলে না। কীভাবে কখন বাড়ি যাব আল্লাহই জানেন। ইফতার ও তারাবি নামাজ রাস্তায় আদায় করতে হবে। ইজিবাইক চালক নাসির উদ্দিন বলেন, ‘আমরা ছোট ছোট রুটে যাত্রী পরিবহন করি। এতে বাস মালিক ও শ্রমিকদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার পরও বাসশ্রমিকেরা অন্যায়ভাবে আমাদের মারধর করে গাড়ি ভাঙচুর করেছে।’ শরীয়তপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, ‘জেলার বিভিন্ন পথে প্রায় তিন হাজার ইজিবাইক চলাচল করে। নছিমন, করিমন রয়েছে প্রচুর। অবৈধ এ যানবাহন চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দীর্ঘদিন দাবি জানিয়ে আসতেছি। ইজিবাইক শ্রমিকেরা বাসশ্রমিকদের হামলা করলে এ পরিস্থিতি তৈরি হয়।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।