শরীয়তপুরে ইটের দাম বৃদ্ধি, ব্যাহত হচ্ছে উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ইটভাটার মালিকেরা হঠাৎ করে ইটের দাম বাড়িয়ে দিয়েছেন। চলতি মাসের ১৫ তারিখ থেকে প্রতি হাজার ইটে দুই হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।পাশের মাদারীপুর জেলার ভাটার মালিকেরা শরীয়তপুরের মালিকদের চেয়ে দেড় থেকে দুই হাজার টাকা কমে প্রতি হাজার ইট বিক্রি করছেন। হঠাৎ ইটের দাম বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরে সরকারি প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন ঠিকাদাররা।স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরে ৩২টি ইটভাটা রয়েছে। এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রতি হাজার ইটের দাম ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। বর্তমানে এর দাম নির্ধারণ করা হয়েছে হাজারপ্রতি সাত থেকে সাড়ে সাত হাজার টাকা। শরীয়তপুরের ঠিকাদার এম এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভাটার মালিকেরা সিন্ডিকেট করে ইটের মূল্য বৃদ্ধি করেছেন। মূল্যবৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের প্রায় ১০০ কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি।’ভাটার শ্রমিক জলিল চোকদার, আবদুল মান্নান ও ছোহরাব পেদা বলেন, ‘ইটের দাম দুই হাজার টাকা বৃদ্ধি করা হলেও আমাদের শ্রমিকদের কোনো মজুরি বৃদ্ধি করা হয়নি।’ ঠিকাদার সাখাওয়াত হাওলাদার বলেন, পার্শ্ববর্তী মাদারীপুর জেলায় প্রতি হাজার ইটের দাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা। অথচ শরীয়তপুরে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা।নড়িয়া উপজেলার এমআইডি ব্রিকের মালিক মাহাবুবুর রহমান বলেন, বৃষ্টিতে প্রতিটি ভাটার লাখ লাখ টাকার কাঁচা ইটের ক্ষতি হয়েছে। ক্ষতি পোষাণোর জন্য ইটের দাম বৃদ্ধি করা হয়েছে।জেলা ভাটার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কয়লার দাম বেড়ে যাওয়া এবং বৃষ্টির কারণে ক্ষতি হওয়ায় ইটের দাম বাড়ানো হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হয়েছে।মাদারীপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি কাজী মনোয়ার হোসেন জানান, শিবচরের ভাটার মালিকেরা কিছুদিন আগে ইটের দাম বৃদ্ধি করতে চেয়েছিলেন। স্থানীয় সাংসদ নূরে আলম চৌধুরী ও জেলা প্রশাসকের সমন্বয়ে বৈঠক করে মূল্যবৃদ্ধি রোধ করা হয়েছে। বর্তমানে মাদারীপুর জেলার কোথাও প্রতি হাজার ইট ছয় হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে না।শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবি আবদু্ল্লাহ বলেন, ‘ভাটার মালিকেরা ইটের দাম বৃদ্ধি করেছেন এমন কোনো সংবাদ আমাদের কাছে নেই। বিষয়টি নিয়ে ভাটার মালিক সমিতির সঙ্গে কথা বলে সমাধান করব।’