শরীয়তপুরে এক বছরে ২০টি মোটরসাইকেল ছিনতাই
শরীয়তপুরে গত এক বছরে ২০টি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে গত কয়েক বছরে চারজন চালক ও মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সর্বশেষ ২৫ জুন সদর উপজেলার বেড়াচিকন্দী গ্রামের মোজামেঞ্চল হক খানের ছেলে লিংকনকে হত্যা করা হয়।সদর থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার লিংকন খানকে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেন একই গ্রামের মোলাই হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার। তাঁকে খুঁজে না পেয়ে তাঁর বাবা বৃহস্পতিবার সদর থানায় মামলা করেন। শুক্রবার ভোরে এ ঘটনায় জড়িত অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আশিরা গ্রামের বাবলু মিয়াকে ঢাকার লালবাগ থেকে আটক করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই দিনই পুলিশ লিংকনের লাশ সদর উপজেলার বিনোদপুর সরদারকান্দি গ্রামের মাঠ থেকে উদ্ধার করে। গত শনিবার সোহাগকে গ্রেপ্তার করা হয়।সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেঞ্চদ জানান, লিংকন হিরো ব্র্যান্ডের দুই লাখ টাকা দামের একটি নতুন মোটরসাইকেল চালাত। মোটরসাইকেলটি ছিনতাই করার জন্য সোহাগ হাওলাদার, বাবুল ও বাবলু মিয়া পরিকল্পনা করেন। সে অনুযায়ী গত মঙ্গলবার দুপুরে বেড়াতে যাওয়ার কথা বলে তাঁরা লিংকনকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর বিনোদপুর নিয়ে গিয়ে তাঁরা তাঁকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ মে রাতে ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর এলাকা থেকে মিন্টু খান ও আলমগীর হোসেনকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মিন্টু ও আলমগীর ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। মিন্টু সদর উপজেলার চিকন্দী গ্রামের জৈনদ্দিন খান ও আলমগীর হোসেন তুলাসার গ্রামের ইয়াসিন বেপারীর ছেলে। এ ঘটনায় ওই সময় ভেদরগঞ্জ থানায় মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশ কাউকে শনাক্ত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর সত্যতা নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাসে একদল দুর্বৃত্ত ভেদরগঞ্জ উপজেলার চাঁদপুর-শরীয়তপুর সড়কের গাজীপুর সেতুর কাছ থেকে চালককে হত্যা করে ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ফারুক একই উপজেলার চরকুমারিয়া সরদারকান্দি গ্রামের হাসেম সরদারের ছেলে। এ ঘটনায় হওয়া হত্যা মামলার তদন্ত চলছে।পুলিশ ও মোটরসাইকেল মালিকদের সূত্রে জানা গেছে, গত এক বছরে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ছয়টি ও অন্যান্য উপজেলা থেকে ১৪টি মোটরসাইকেল চুরি বা ছিনতাই হয়েছে। এগুলোর কোনোটি উদ্ধার করা সম্ভব হয়নি। সদর থানার ওসি আবুল কাশেম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় হওয়া জিডিগুলো তদন্ত করা হচ্ছে। লিংকনের বাবার অপহরণ মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তর করা হয়। ওই মামলায় সোহাগ ও বাবলুকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য পরিকল্পিতভাবে লিংকনকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে মূল পরিকল্পনাকারী সোহাগসহ দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনাগুলো তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।