শরীয়তপুরে এক মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর
শরীয়তপুরের নড়িয়ায় হেনা হত্যার ঘটনায় করা দ্বিতীয় মামলায় গতকাল বুধবার দুই আসামির জামিন নামঞ্জুর হয়েছে। শরীয়তপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গতকাল বুধবার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস শেখ ও আলাবক্স করাতির জামিন নাকচ করে দেন।আদালত সূত্র জানায়, হেনা হত্যার ঘটনায় ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার অভিযোগে করা মামলার আসামি ইউপি সদস্য ইদ্রিস শেখ ও আলাবক্স করাতির জামিন চেয়ে ২২ ফেব্রুয়ারি আদালতে আবেদন করা হয়। আদালত বুধবার (২ মার্চ) জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। গতকাল বুধবার দুপুরে মামলার প্রধান আসামি মাহাবুব খাঁ, তাঁর স্ত্রী শিল্পী বেগম, ইউপি সদস্য ইদ্রিস শেখ, মফিজ উদ্দিন, লতিফ মীর মালত, আলাবক্স করাতি ও জয়নাল মীর মালতকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ফজলুর রহমান দুই আসামির জামিন নামঞ্জুর করে ২৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অন্য আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।এর আগে সকাল ১০টায় মামলার বাদী হেনার মা আকলিমা বেগম আদালত চত্বরে উপস্থিত হন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার মেয়েকে যে পাষণ্ডরা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফিরোজ আহম্মেদের সঙ্গে বাদীপক্ষের আইনজীবী রওশন আরা বেগম ও রাশেদুল হাসান মাসুম শুনানিতে অংশ নেন। রওশন আরা বেগম বলেন, ‘গ্রেপ্তার হওয়া সাত আসামির মধ্যে দুজনের জামিন চাওয়া হয়েছিল। আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’নড়িয়ার চামটা গ্রামের হেনা গত ২৩ জানুয়ারি রাতে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গ্রামে এক সালিসে ফতোয়া জারি করে হেনাকে দোররা মারা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। ৩১ জানুয়ারি রাতে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেনা মারা যায়।