শরীয়তপুরে এক মাসেও গম কেনা শুরু হয়নি
গম আবাদ করে কৃষক ঘরে তুলেছেন ফেব্রুয়ারিতে। সরকারিভাবে গম কেনার ঘোষণা দেওয়া হয়েছে ১০ এপ্রিল থেকে। কিন্তু এক মাসেও শরীয়তপুরে খাদ্য বিভাগ গম কেনা শুরু করতে পারেনি। টাকার প্রয়োজনে কৃষক আগেই বাজারে কম দামে গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন বলেন, ‘সরকারিভাবে কৃষকের কাছ থেকে এখনো গম না কেনায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। গম ক্রয় শুরু করার তাগিদ দেওয়ার জন্য বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গত মৌসুমে শরীয়তপুরে ৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে গমের আবাদ করে কৃষক। কৃষি বিভাগ জেলায় ১৪ হাজার ২৫৫ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। গত ১০ এপ্রিল সরাসরি কৃষকের কাছ থেকে গম কেনার ঘোষণা দেয় সরকার। প্রতি কেজি গম ২৮ টাকা করে কেনার কথা। ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে এ কাজ শেষ করার কথা খাদ্য বিভাগের। কিন্তু শরীয়তপুরে গম কেনা শুরু হয়নি।
সদর উপজেলার চরসুন্দি গ্রামের কৃষক আবদুল গনি তালুকদার বলেন, ‘আমরা সব সময় অর্থকষ্টে থাকি। এক ফসল বিক্রি করে আরেক ফসল ফলাই। সরকারিভাবে গম বিক্রি করার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম। কিন্তু গম কেনা শুরু না করায় বাধ্য হয়ে কম দামে বাজারে বিক্রি করেছি।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শামসুজ্জামান বলেন, গম ক্রয়ে এ বছর নতুন নীতিমালা হয়েছে। নীতিমালা অনুযায়ী কৃষকের কাছ থেকে গম কিনে ব্যাংক হিসাবের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে। কৃষক এখনো ব্যাংক হিসাব খুলতে পারেননি। তাই গম কিনতে দেরি হচ্ছে।