শরীয়তপুরে কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
শরীয়তপুরে অতিদরিদ্রদের সহায়তার কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক প্রকল্পে এলাকার শ্রমিকদের পরিবর্তে ঠিকাদারদের চুক্তি দিয়ে কাজ করানো, ৪০ দিনের স্থলে ১৫-২০ দিন ও কম সংখ্যক শ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, ১ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ে ৪০ দিনের এই কর্মসূচির প্রকল্পের কাজ শুরু হয়েছে। সপ্তাহে পাঁচ দিন কাজ করে ৩১ মের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। জেলায় তিন হাজার ৫৬ জন শ্রমিকের জন্য দুই কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। জাজিরার মুলনা ইউনিয়নের জয়সাগর গ্রামে গিয়ে জানা যায়, ১০ জন শ্রমিক সাত দিন কাজ করে ১৫০ মিটার রাস্তায় মাটি ভরাট করেছেন। অথচ প্রকল্পে ৩০ জন শ্রমিক বরাদ্দ ছিল। প্রকল্পের কাজ শেষ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমকে সভাপতি করা হলেও প্রকল্পটি তদারক করেছেন ইউপি চেয়ারম্যান এসকান্দার সরদার।এসকান্দার সরদার বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যতটুকু জায়গা মেপে দিয়েছেন, ঠিক ততটুকু জায়গায় মাটি ভরাটের কাজ হয়েছে। এলাকায় শ্রমিকের মজুরি বেশি হওয়ায় এভাবে কাজ করতে হয়েছে। গত বুধবার নড়িয়া উপজেলার ডিংগামানিক ইউনিয়নের কাঠহুগলী গ্রামে গিয়ে জানা যায়, ১৪ জন শ্রমিকের কাজের জন্য তৈরি প্রকল্পটি ইউপি সদস্য একজন ঠিকাদারকে ৬০ হাজার টাকার চুক্তিতে দিয়েছেন। ঠিকাদার ৫০ মিটার জায়গায় মাটি ভরাট করে কাজ বন্ধ করে দিয়েছেন। প্রকল্পের সভাপতি ফাতেমা বেগম বলেন, এখানে শ্রমিকের মজুরি বেশি এবং এই ওয়ার্ডে শ্রমিক না পাওয়ায় একজন ঠিকাদারকে চুক্তি দিয়ে কাজ করানো হয়েছে।জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চরখামার গ্রামে ২০ জন শ্রমিকের জন্য এক লাখ ৪২ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করা হয়নি। গোসাইরহাটের পিআইও আবুল কালাম বলেন, আড়াই শ টাকার কম মজুরিতে কোনো শ্রমিক এখানে কাজ করেন না।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুভাষ চন্দ্র বল জানান, ৩১ মের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।