শরীয়তপুর সদর উপজেলায় গত রোববার রাতে সালাউদ্দিন রাসেল (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) শেষবর্ষের ছাত্র ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কেন্দ্র করে রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর শিকদারের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা মজিবর রহমানের বাড়ির ১১টি ঘর জ্বালিয়ে দিয়েছে। শহরে বিক্ষোভ মিছিলের পর এলাকাবাসী শরীয়তপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পালিয়ে গেছে মজিবর শিকদারের বাড়ির লোকজন।স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পশ্চিম সোনামুখী গ্রামের আবদুস সালাম সরদারের বাড়িতে রোববার রাত পৌনে ১১টার দিকে আট-দশজনের একদল সন্ত্রাসী গিয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকে। এ সময় সালাম সরদারের ছেলে রাসেল ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাঁকে বাড়ির উঠানে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তখন বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলেও সন্ত্রাসীদের ভয়ে কেউই কাছে যাননি। সন্ত্রাসীরা চলে গেলে তাঁরা রাসেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে মজিবর শিকদার তাঁর লোকজন তিন দফা বাধা দেন। পরে ভোরের দিকে রাসেলকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আবদুস সালামের প্রতিবেশী বিল্লাল গাজী বলেন, ‘রাসেলের বাড়ির লোকজনের চিৎকারে আমরা এগিয়ে যাই, কিন্তু সন্ত্রাসীদের ভয়ে সামনে যেতে পারিনি। পরে আমরাও চিৎকার করে এলাকার মানুষ জড়ো করতে থাকি, তখন সন্ত্রাসীরা চলে যায়।’ তিনি বলেন, গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে প্রথমে সোনামুখী বিদ্যালয়ের সামনে পরে ঘোড়াঘাট সেতু ও মনোহর বাজারের মোড়ে মজিবর শিকদার তাঁর লোকজন নিয়ে বাধা দেন। ভোর রাতে রাসেলকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে মজিবর শিকদার ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরই মধ্যে উত্তেজিত এলাকাবাসী মজিবর শিকদারের বাড়িতে গিয়ে ওই বাড়ির ১১টি বসতঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। স্থানীয় লোকজন জানান, আবদুস সালাম সরদারের সন্তান না থাকায় তিনি ভাই কালাম সরদারের ছেলে সালাউদ্দিন রাসেলকে দত্তক নিয়ে লালন-পালন করতেন। আবদুস সালাম সরদার বলেন, ‘আমার ছেলে খুবই নিরীহ প্রকৃতির ছিল। আমার নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে ছেলেটি সহায়তা করত। মজিবর শিকদার আমাকে ধ্বংস করার উদ্দেশে আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন।’অভিযুক্ত রুদ্রকর ইউনয়িন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের নেতা মজিবর শিকদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজ ও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজনও। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-শরীয়তপুর সড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুদ্রকর থেকে সালাম সরদার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর শিকদারের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এর আগে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ঝগড়াও হয়েছে। পরে স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, সদর হাসপাতালে রাসেলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মজিবর শিকদার ও তাঁর পরিবারের লোকজন পলাতক। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।