শরীয়তপুরে কাজের বিল না পেয়ে ঠিকাদারেরা বিপাকে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শরীয়তপুর কার্যালয়ের অনেক ঠিকাদার বকেয়া বিল না পাওয়ায় কাজ ফেলে রেখেছেন। এতে একদিকে কাজের মান খারাপ হচ্ছে, অন্যদিকে ঠিকাদারেরা পাওনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।এলজিইডির শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুরে দুই শতাধিক গুচ্ছ প্রকল্পের কাজ চলছে। এর আওতায় ১০০ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন এবং সেতু ও কার্লভাট নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৫০ জন ঠিকাদার ৩৫ কোটি টাকার বিল এলজিইডি কার্যালয়ে জমা দিয়েছেন। বিপরীতে মাত্র সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এ ছাড়া উপজেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯০ কোটি টাকা ব্যয়ে ৬০টি গুচ্ছ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের ৬০ জন ঠিকাদার ২০ কোটি টাকার বিল জমা দিয়েছেন। কিন্তু এ প্রকল্পের কোনো অর্থ ছাড় করা হয়নি। এ প্রকল্পের কাজগুলো ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরের।নির্মাণশ্রমিক, ঠিকাদার ও প্রকৌশলীরা জানান, অধিকাংশ প্রকল্পের কাজ ৪০ থেকে ৬০ ভাগ করে ফেলে রাখা হয়েছে। ঠিকাদারেরা ধার করে টাকা বিনিয়োগ করেছেন। বিল আটকে থাকায় তাঁরা বাকি কাজ করতে পারছেন না। অধিকাংশ কাজের সময় শেষ হয়ে গেছে। বিল বকেয়া থাকায় ও নির্মাণসামগ্রীর মূল্য বাড়ায় কাজের মান খারাপ হওয়ার ও প্রকল্প ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিল পরিশোধ করতে না পেরে এলজিইডির প্রকৌশলীরা ঠিকাদারদের তোপের মুখে পড়েছেন। শ্রমিক ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পেরে অনেক ঠিকাদার পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে পরিস্থিতি সামাল দিতে উচ্চ সুদে টাকা এনে পাওনাদারদের দিয়েছেন।ঠিকাদার মাসুদ মৃৃধা বলেন, ‘গোসাইরহাট উপজেলার সাইক্কা সড়ক পাকাকরণের কার্যাদেশ পেয়েছি দুই বছর আগে। ছয় মাস কাজ করে সড়কের ৫০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। দেড় বছর আগে বিল জমা দিয়েছি। এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। এখন টাকা না পেলে সড়কের বাকি কাজ শেষ করা যাবে না।’ঠিকাদার হেমায়েত হোসেন বলেন, ‘নাগেরপাড়া-কালীনগর সড়কের কার্যাদেশ পাওয়ার পরে শর্তানুযায়ী এক বছর আগে কাজ শেষ করেছি। ওই সময়ই ৫০ লাখ টাকার বিল জমা দিয়েছি। এলজিইডির কর্মকর্তাদের কাছে বিল চাইলে ফান্ড নেই বলে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। অনেক টাকা ঋণ করেছি। পাওনাদার ও শ্রমিকদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’নির্মাণশ্রমিক আবু হাসেম বলেন, ‘তিন মাস ধরে ঠিকাদার আমাদের কোনো বকেয়া পরিশোধ করেনি। ঈদের আগে বকেয়া সকল টাকা পরিশোধ করার কথা। আমরা দরিদ্র মানুষ। শ্রম বিক্রি করার টাকা না পেলে পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে পারব না।’এলজিইডির শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, বিল না পেয়ে অনেক ঠিকাদার কাজ ফেলে রেখেছেন। টাকা না দেওয়ায় কাজ নিম্নমানের হচ্ছে। বরাদ্দ না পাওয়ায় তাঁদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না।