শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ৩৭৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৩৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ ব্যক্তি। তাঁদের মধ্যে বর্তমানে ২ হাজার ১৫৯ জন বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬৮০ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হলে ৩৭৪ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত শরীয়তপুরে ২০ হাজার ৩২০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের মধ্যে ৫ হাজার ৭১৭ জন সংক্রমিত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৯৮ জন।

করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়। গত জুলাই মাসে করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে আরও ৬০টি শয্যা বাড়ানো হয়। এ ছাড়া নড়িয়ায় ১৮, জাজিরায় ১০, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যা করে করোনা ইউনিট চালু করা হয়।

শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শরীয়তপুরে করোনার সংক্রমণ অনেক বেড়ে গেছে। মানুষকে সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকা নিতে হবে। তা হলেই করোনা থেকে সুরক্ষা পাওয়া যাবে।