শরীয়তপুরে চার শতাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার পানি বেড়ে যাওয়ায় চার দিনে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় ভাঙনে ৩১০টি বসতভিটা ও ৯৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীতে বিলীন হয়েছে। দুটি উপজেলার নদী-তীরবর্তী প্রায় ৫০০ একর ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন-আতঙ্কে এলাকার মানুষ বসতভিটা থেকে ঘর সরিয়ে নিচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে স্রোতের সৃষ্টি হয়েছে। স্রোতের তোড়ে নদী-তীরবর্তী গ্রামগুলোয় ভাঙন দেখা দিয়েছে। গত শনিবার থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার ১৫টি গ্রামের ৩১০টি পরিবার গৃহহীন হয়েছে। এ ছাড়া পাঁচটি বাজারের ৯৫টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে। নদীতে বিলীন হয়েছে তীরবর্তী গ্রামগুলোর প্রায় ৫০০ একর ফসলি জমি।জাজিরা উপজেলার লতিফ ফকিরকান্দি গ্রামের ৩০টি, হালান সরদারকান্দি গ্রামের ২০টি, বয়াতিকান্দি গ্রামের ১০টি, ছলিম উদ্দিন মাতবরকান্দি গ্রামের ১০টি, মাঝিকান্দি গ্রামের ২০টি, চিটার চরের ২০টি, মকবুল খালাসিকান্দি গ্রামের ২০টি, রাঢ়ীকান্দি গ্রামের ২০টি, নড়িয়া উপজেলার মুন্সিকান্দি গ্রামের ৫০টি, দেওয়ানকান্দি গ্রামের ২০টি, তপাদারকান্দি গ্রামের ২০টি, মিজিকান্দি গ্রামের ২০টি, খালাসিকান্দি গ্রামের ১০টি, খেজুরতলা গ্রামের ২০টি, পাঁচগাঁও গ্রামের ১০টি ও সাহেবের চর গ্রামের ১০টি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। তাদের বসতঘরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া মঙ্গলমাঝি ছাত্তার মাতবর লঞ্চঘাটের ২০টি, ওয়াপদা বাজারে ৩০টি, খেজুরতলা বাজারের ২০টি, চণ্ডীপুর লঞ্চঘাটের ১০টি ও সুরেশ্বর লঞ্চঘাটের ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দোকানগুলোর জায়গা নদীতে বিলীন হয়েছে।ঢাকা-শরীয়তপুর সড়কের মঙ্গলমাঝি ছাত্তার মাতবর লঞ্চঘাটের ৫০ মিটার পাকা সড়ক, সুরেশ্বর-নড়িয়া সড়কের সুরেশ্বর লঞ্চঘাটের ২৫ মিটার ও শরীয়তপুর-চণ্ডীপুর লঞ্চঘাটের ৩০ মিটার পাকা সড়ক নদীতে বিলীন হয়েছে। নড়িয়া উপজেলার মুন্সিকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ও শিউলী আক্তার জানান, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। তাঁদের গ্রামের অনেক বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। বাড়ি থেকে বসতঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন।শরীয়তপুর-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী জানান, তিনি ভাঙন নিয়ে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।