শরীয়তপুরে চার সাংবাদিকের বিরুদ্ধে এবার পাল্টা মামলা
শরীয়তপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে গত মঙ্গলবার আদালতে চাঁদাবাজি ও নারী নির্যাতনের মামলা হয়েছে। মামলার বাদী জাজিরা উপজেলার হাজী তাহের ঢালী কান্দির এক নারী। এই গ্রামেরই একদল বাসিন্দা গত সোমবার দুজন সাংবাদিককে মারধর করেন। এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়।
আদালতে করা মামলার আসামিরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুল আমীন ও প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ। এই চারজনই পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেনানিবাস নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমিতে রাতের আঁধারে গাছের চারা লাগানোর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে ৯৯ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে থাকা ঘরবাড়ি, স্থাপনা ও গাছপালার দাম নির্ধারণে অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শরীয়তপুরের জেলা প্রশাসক মূল্য পুনর্নির্ধারণের নির্দেশ দেন। বন বিভাগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে।
বিষয়টি জানতে পেরে একটি চক্র বাড়তি ক্ষতিপূরণের আশায় রাতের আঁধারে ওই জমিতে গাছ লাগাচ্ছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গত সোমবার দুপুরে মনিরুজ্জামান, নুরুল, সত্যজিৎসহ চার সাংবাদিক ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় হাজী তাহের ঢালী কান্দির সাত্তার ঢালী ও তোফাজ্জল ঢালীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ঘেরাও করে। একপর্যায়ে নুরুল ও মনিরুজ্জামানকে কিলঘুষি মারে তারা। ছিনিয়ে নেওয়া হয় মনিরুজ্জামানের ক্যামেরা। স্থানীয় এক ইউপি সদস্য অন্য দুই সাংবাদিককে রক্ষা করেন।
এ ঘটনায় সাংবাদিক মনিরুজ্জামান সোমবারই জাজিরা থানায় সাত্তার ঢালী ও তোফাজ্জল ঢালীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামি তোফাজ্জল ঢালীকে ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনি মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্ত হন। আর সাত্তার ঢালী গতকাল বুধবার আদালতে গিয়ে জামিন নেন।
এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে গত মঙ্গলবার ওই চার সাংবাদিকের বিরুদ্ধে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন হামলাকারী চক্রটির সদস্য ফয়জল ঢালীর স্ত্রী লিপি আক্তার। মামলায় অভিযোগ করা হয়, ওই সাংবাদিকেরা ৮০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। আরও ১ লাখ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তাঁর শ্লীলতাহানি করা হয়। আদালতের বিচারক শেখ মো. মুজাহীদুল ইসলাম ৬ মার্চ মামলার সাক্ষীদের তলব করেছেন।
সাংবাদিক কাজী মনিরুজ্জামান বলেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ নিয়ে সংবাদ পরিবেশন করায় চক্রটি গণমাধ্যমকর্মীদের ওপর ক্ষুব্ধ ছিল। এর জেরেই সোমবার তিনিসহ চার সাংবাদিকের ওপর হামলা হয়। একই চক্র মঙ্গলবার আদালতে মিথ্যা মামলা দিয়েছে।
অধিগ্রহণ করা ওই জমিতে এর আগেও বাড়তি ক্ষতিপূরণের আশায় পুকুর খনন, স্থাপনা নির্মাণ ও গাছের চার রোপণের অভিযোগ ওঠে। এ নিয়ে ১০ ফেব্রুয়ারি ‘বাড়তি ক্ষতিপূরণের আশায় ঘর নির্মাণ, পুকুর খনন’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। ১৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ তদন্ত অনুযায়ী, সরেজমিনে পুনঃতদন্ত ও যাচাই করে বাস্তবভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করতে বলা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লোকমুখে শুনেছি, চক্রটি সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে। অপরাধীরা মামলা থেকে সুবিধা নিতে এটা করতে পারে।’