শরীয়তপুরে ছয় ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ. লীগের প্রার্থীরা
শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ওই ইউনিয়নগুলোতে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন গতকাল শনিবার তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে।
ফলে নড়িয়ার ১২টি ও জাজিরার পাঁচটি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বাকিগুলেতে সদস্যপদে নির্বাচন হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নড়িয়ার ও জাজিরার ওই ১৭টি ইউপির মধ্যে নড়িয়ার ভোজেশ্বর ইউপির চেয়ারম্যান প্রার্থী নুরুল হক বেপারি, জপসায় শওকত বয়াতী, ভূমখারায় ডি এম শাহজাহান, চামটায় গিয়াস উদ্দিন রাঢ়ি, ডিঙ্গামানিকে আনোয়ার হোসেন খান এবং জাজিরার বিলাশপুরে আবু তাহের সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ছয়টি ইউনিয়নে কোনো প্রার্থী না থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।