শরীয়তপুরে তরুণীর আত্মহত্যা!
ঘরের দরজায় শিকল লাগানো। দরজা খুলতেই মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। গলায় ওড়না পেঁচানো। দাদির চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে মেয়েটির মাথায় তেল-পানি দেন। তাতে কোনো ফল হয়নি। মেয়েটির নিথর দেহ পড়ে থাকে মাটিতে। গত শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পশ্চিম চরসন্দি গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির নাম রুবিনা আক্তার (১৫)। বিকেল পাঁচটায় তার মরদেহ দাফন করা হয়। ভাই মনির হোসেন ও বোন রোজিনা বেগম দাবি করেন, প্রতিবেশী রাসেল সরদারের (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় রাসেলের মা ও চাচাতো বোন বকাঝকা করলে রুবিনা আত্মহত্যা করে। তবে মেয়েটির মা ছকিনা বেগম বলেছেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সে মারা গেছে। মনির হোসেন বলেন, ‘ঘটনাটি পুলিশকে জানালেও তারা আমাকে পাত্তা দেয়নি। পুলিশ আমার মা ও দাদিকে ঘরে নিয়ে ৪০ মিনিট কথা বলেছে। আমি ঘরে ঢুকলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার মা রাসেলদের ভয়ে রুবিনার আত্মহত্যার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।’ রুবিনার বড় বোন রোজিনা আক্তার বলেন, ‘আমরা খুব গরিব মানুষ। আমাদের বাবা নেই। দুই বোন একসঙ্গে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতাম। দুই বছর ধরে রাসেলের সঙ্গে রুবিনার প্রেমের সম্পর্ক। প্রথম দিকে আমি বাধা দিয়েছি। তারা শোনেনি। শুক্রবার সকালে রাসেলের মা ও চাচাতো বোনের সঙ্গে সে ঝগড়া করেছে। এর পরই তার মরদেহ ঘরে পাওয়া গেছে।’ রাসেলের মা নাছিমা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে রুবিনার প্রেমের সম্পর্ক ছিল না। তার সঙ্গে আমাদের কোনো ঝগড়াও হয়নি।’