শরীয়তপুরে তিন মামলা আসামি গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বৃহস্পতিবার ভোট গণনার সময় এক প্রার্থীর সমর্থকদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় দুই হাজার অজ্ঞাত গ্রামবাসীকে আসামি করা হয়েছে।সদর থানা সূত্র জানায়, সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার হওয়া আসামি ও গুলিভর্তি ম্যাগাজিন ছিনতাই এবং হত্যার অভিযোগে গত শুক্রবার রাতে তিনটি মামলা হয়েছে। উত্তর গ্রামচিকন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর থানার উপপরিদর্শক (এসআই) এস এম আইয়ুবুর রহমান ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮-এর উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন মামলা তিনটি করেছেন। শৌলপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসেন ও তাঁর সমর্থক শওকত হোসেন, আনোয়ার আকন্দ, ইয়াসিন খান ও এম জাহাঙ্গীর আলম খানসহ অজ্ঞাত আরও দুই হাজার গ্রামবাসীকে আসামি করা হয়েছে।এদিকে, শুক্রবার রাতেও র্যাব ও পুলিশের সদস্যরা ওই গ্রামে অভিযান চালায়। এ সময় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। তবে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ পুরুষ এলাকা ছাড়া। সংঘর্ষের সময় গুলিতে নিহত সায়েদ বেপারীর পরিবারের পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। গুলিবিদ্ধ চারজন এখনো ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।