শরীয়তপুরে তিন হাজার একর জমি বিলীন, মানুষ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ও মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত দুই সপ্তাহে শরীয়তপুরের জাজিরা ও গোসাইরহাট উপজেলার ২০টি গ্রামের ৫৬০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিলীন হয়েছে তিন হাজার একর ফসলি জমি। পদ্মা ও মেঘনার অব্যাহত ভাঙনে নদীর তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা ও মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়। নদীতে স্রোত থাকায় চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে পদ্মার তীরবর্তী জাজিরা উপজেলার কুণ্ডেরচর, পালেরচর ইউনিয়নে; মেঘনা তীরের গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ও কোদালপুর ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। গত দুই সপ্তাহে এসব এলাকার পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।গত বৃহস্পতি ও শনিবার সরেজমিনে দেখা যায়, আতঙ্কিত মানুষ ভাঙনের ভয়ে বসতবাড়ির আসবাব সরিয়ে নিচ্ছে। অনেকে সবকিছু হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে এখনো কোনো ত্রাণসহায়তা দেওয়া হয়নি। জাজিরা উপজেলার মকবুল খালাসীকান্দি গ্রামের মতিউর রহমান বেপারি (৬০) বলেন, ‘পদ্মার ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। যেখানে আশ্রয় নিয়েছি, সেই জায়গাও বিলীন হতে পারে।’গোসাইরহাট উপজেলার জাকির গাজীকান্দি গ্রামের লোকমান হোসেন (৬৫) বলেন, গত বছর মেঘনার ভাঙনে তাঁর ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হয়েছে। অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। এ বছর সে আশ্রয়টুকুও বিলীন হলো। কুণ্ডেরচর ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন বেপারি বলেন, পদ্মার ভয়াবহ ভাঙনের তীব্রতায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সাত দিন আগে তাঁর বসতবাড়িটি বিলীন হয়েছে। স্থানীয় সাংসদ বি এম মোজামেঞ্চল হক এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।আলওয়ালপুর ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, প্রতিবছর এখানে ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারা উদ্বাস্তু হয়ে রাস্তায় ঘোরে। কয়েক বছর যাবৎ তাঁদের সরকারি সহায়তা দেওয়া হয় না। তাই এ বছর ভাঙনের খবর পেয়েও ক্ষতিগ্রস্তদের পাশে যেতে পারেননি।জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনে জমা দেওয়া হয়েছে। বিশেষ বরাদ্দ পাওয়ার জন্য একটি তালিকা স্থানীয় সাংসদের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।