শরীয়তপুরে দুই মাটিকাটা শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের খেজুরতলা এলাকায় মেঘনা নদী থেকে গত শুক্রবার রাতে দুই মাটিকাটা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই দুই শ্রমিক হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চয়রা গ্রামের হাফিজুর রহমান ও পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের মাহাবুব প্রামাণিক। তাঁরা কুচাইপট্টি এলাকায় মাটি কাটতেন। ২৮ ফেব্রুয়ারি সেখানে পুলিশের অভিযানের পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
গোসাইরহাট থানা সূত্র জানায়, স্থানীয় একটি চক্র রাতের আঁধারে নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিল। চক্রটি সিরাজগঞ্জ ও পাবনার শ্রমিক দিয়ে মাটিকাটার এ কাজ করাচ্ছিল। ২৮ ফেব্রুয়ারি রাতে ও চক্রটি আনুয়াকাঠি এলাকা থেকে চার-পাঁচটি ট্রলার নিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে—এমন সংবাদে গ্রামবাসী তাদের বাধা দেওয়ার জন্য সংঘবদ্ধ হচ্ছিল। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুলিশকে জানান। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটিকাটা শ্রমিকেরা পালাতে থাকেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ট্রলার জব্দ করে। ২৪ জন শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার বিকেলে এলাকাবাসী মেঘনা নদীতে দুটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাতে মেঘনা নদীর তীরে খেজুরতলা এলাকায় গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাফিজুর রহমানের ভায়রা হাসেম মিয়া বলেন, ‘আমার ভায়রা মাটিকাটা শ্রমিক। মাটি কাটার জন্য তাঁদের এ এলাকায় কারা এনেছে, তা আমরা জানি না। বুধবার খবর পাই আমার ভায়রা ও আরও একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের খুঁজতে এসে লাশের সন্ধান পাই। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা-ও আমরা বলতে পারছি না।’
কুচাইপট্টি ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন বলেন, ‘২৮ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন শ্রমিককে আটক করেছিল। পরদিন এলাকায় শুনতে পাই মাটিকাটার দুই শ্রমিক নিখোঁজ।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, লাশ দুটি শ্রমিকদের স্বজনেরা শনাক্ত করেন। এ ঘটনায় মামলা হয়নি।