শরীয়তপুরে দুই মামলায় মাহফুজ আনামের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আনাম
মাহফুজ আনাম

শরীয়তপুরে মানহানির দুই মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জামিন পেয়েছেন। আজ সোমবার তিনি আইনজীবীদের নিয়ে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে যান। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

গত ১৪ ফেব্রুয়ারি মামলা দুটি করেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমীন কোতোয়াল ও আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম মিঠু কোতোয়াল। শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোরশেদ আল মামুন মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।

আদালতে মাহফুজ আনামের পক্ষে মামলা পরিচালনা করেন চৈতন্য চন্দ্র হালদার ও আজিজুর রহমান রোকন। বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।