শরীয়তপুরে দুটি বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ
শরীয়তপুর-মাদারীপুর সড়কের আংগারিয়া ও টেকেরহাটে কীর্তিনাশা নদীর ওপর দুটি বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়েছে। গত মঙ্গলবার রাত ও বুধবার সকালে সেতুগুলোর ওপর অতিরিক্ত পণ্যবোঝাই যান ওঠায় এ দুর্ঘটনা ঘটে।এতে চট্টগ্রামের সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী কয়েক শ গাড়ি সেতুর দুই প্রান্তে আটকা পড়েছে। দুর্ভোগ পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতু দুটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। শরীয়তপুর সওজ সূত্রে জানা যায়, ওই সড়কের তিনটি বেইলি সেতুর মধ্যে সব কটিই ঝুঁকিপূর্ণ। মঙ্গলবার রাতে আংগারিয়া সেতুতে পণ্যবাহী একটি ট্রাক উঠলে সেতুর পাটাতন ভেঙে যায়। বুধবার সকালে টেকেরহাটে অবস্থিত সেতুটিরও চারটি পাটাতনের অংশবিশেষ ভেঙে পড়ে।গতকাল বৃস্পতিবার দুপুরে টেকেরহাট সেতুর কাছে গিয়ে দেখা যায়, সেতুর দুই প্রান্তে কয়েক শ পণ্য ও যাত্রীবাহী যান আটকা পড়েছে। অনেক যাত্রী পরিবহন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। কাঁচামালবাহী যান আটকা পড়ায় ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা সেতুর পাটাতন ও নাট-বল্ট ঝালাইয়ের কাজ করছেন। বৃহস্পতিবার রাতের মধ্যে সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে সওজ কর্তৃপক্ষ।যশোরের সবজি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘সবজি নিয়ে চাঁদপুরে রওনা হয়েছি। বুধবার সকাল থেকে এখানে অপেক্ষা করছি। সেতু ভেঙে পড়ায় পার হতে পারছি না। সময়মতো সবজি বিক্রি করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব।’ গোপালগঞ্জ থেকে ফেনীগামী যাত্রী মোবারক মিয়া বলেন, ‘সেতু ভাঙা থাকায় গাড়ি পার হতে পারছে না। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছি।’সওজ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে শরীয়তপুর-মাদারীপুর সড়কের শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া, টেকেরহাট ও খোয়াজপুরে কীর্তিনাশা নদীতে বেইলি সেতু তিনটি নির্মাণ করা হয়। হালকা যান চলাচলের জন্য সেতুগুলো নির্মাণ করতে তখন দুই কোটি টাকা ব্যয় হয়। ২০০০ সালে শরীয়তপুরের ওপর দিয়ে চট্টগ্রাম বন্দরের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ শুরু হয়।তখন সেতুগুলোর ওপর দিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচল শুরু করে। ২০০২ সালে স্থানীয় সড়ক বিভাগ সেতু দুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। পাঁচ টনের বেশি পণ্যবোঝাই ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। ২০০৪ সাল থেকে সেতুগুলো মেরামত করে সচল রাখা হচ্ছে। ২০১১ সালের জানুয়ারি থেকে প্রতিদিন সেতুগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী রাখা হচ্ছে। সেতুতে ভারী যানবাহন চলাচল না করার জন্য একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেতু মেরামতের জন্য সড়ক বিভাগ অস্থায়ীভাবে ১৬ জন কর্মী নিয়োগ দিয়েছে। সদর উপজেলার মনোহর বাজারে একটি ওয়ার্কশপ খোলা হয়েছে। প্রতি মাসে সড়ক বিভাগ সেতু মেরামত করতে এক লাখ ৫০ হাজার থেকে দুই লাখ টাকা ব্যয় করছে।সওজ সূত্র জানায়, মাদারীপুর আড়িয়াল খাঁ নদের ওপর এবং এ সড়কের তিনটি বেইলি সেতুর স্থলে সপ্তম চীন মৈত্রী সেতু নির্মাণের প্রস্তাব গত ২৩ মে একনেকে অনুমোদন হয়েছে। ২৭৫ কোটি টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করা হবে। ২০১৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেতুগুলোর নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে। চীন মৈত্রী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এভাবেই ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে।শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল বলেন, এ সড়কের তিনটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চলাচলের কারণে মাঝেমধ্যে পাটাতন ভেঙে যায়। তখন সড়ক বন্ধ করে সেতুর মেরামতের কাজ করতে হয়। বৃহস্পতিবার রাতের মধ্যে সেতুর মেরামতের কাজ শেষ করে যানবাহন ছেড়ে দেওয়া হবে।