শরীয়তপুরে দুটি মামলায় জামিন মাহ্ফুজ আনামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে দায়ের করা মানহানির দুটি মামলায় ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম জামিন পেয়েছেন। শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালত গতকাল সোমবার জামিন মঞ্জুর করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমীন ও আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম মিঠু গত ১৪ ফেব্রুয়ারি মামলা দুটি করেন। পরে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোরশেদ আল মামুন মামলা দুটি আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদককে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মাহ্ফুজ আনাম গতকাল আদালতে হাজির হন। এ সময় আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
আদালতে ডেইলি স্টার সম্পাদকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও আজিজুর রহমান রোকন। বাদীপক্ষে ছিলেন তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। তাঁর বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ পর্যন্ত ৭৮টি মামলা হয়েছে।