শরীয়তপুরে নদীপারের ২০ স্থানে চলছে জাটকা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধরব না আর জাটকা, ইলিশ খাব টাটকা’—এমন স্লোগান লেখা পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে শরীয়তপুরের বিভিন্ন হাটবাজার। মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন জাটকা না ধরার জন্য এমন আহ্বান জানিয়ে প্রচারণা চালালেও অবাধে চলছে জাটকা আহরণ, পরিবহন ও বিপণন।গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামের বেলায়েত হোসেন বলেন, ‘ঋণ করে নৌকা-জাল কিনেছি। নিয়মিত ঋণের টাকা পরিশোধ ও পরিবারের সদস্যদের খাবার জোগাড়ের জন্য আইন অমান্য করেই জাটকা ধরতে হচ্ছে।’ জালালপুর বাজারের মৎস্য ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘এই অঞ্চলের জেলেরা অনেক দরিদ্র। আমাদের কাছ থেকে দাদন নিয়ে জাল-নৌকা কেনে। ঋণ পরিশোধ ও সংসার চালানোর জন্যই তাদের সব সময় নদীতে নামতে হয়। তারা বাধ্য হয়েই জাটকা ধরে। আমরাও তা বিক্রি করছি।’ শরীয়তপুর মৎস্য অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানায়, ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত নদীতে জাটকা মাছ (৯ ইঞ্চির ছোট) ধরা নিষেধ। জাটকা পরিবহন ও বিপণনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করলে ছয় মাস কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত নড়িয়া উপজেলার সুরেশ্বর থকে ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা পর্যন্ত পদ্মা নদীর ২০ কিলোমিটার ইলিশের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এই এলাকার নদীতে কোনো ধরনের জাল ফেলা নিষেধ। জেলার নদীপারের বিভিন্ন গ্রামে প্রায় ১৫ হাজার জেলে পরিবারের বসবাস। এর মধ্যে ১১ হাজার ৮৫টি পরিবারকে ফেব্রুয়ারি থেকে পুনর্বাসন সহায়তা হিসেবে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা ও মেঘনা নদীর পারে জেলার ২০টি স্থানে চলছে জাটকা বিক্রি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অসংখ্য জেলে রাতের আঁধারে পদ্মা ও মেঘনা নদীতে জাটকা ধরে ভোররাতে বিক্রি করছে। নদীর পারে গোসাইরহাট উপজেলার জালালপুর, কোদালপুর, কুচাইপট্টি ও চরজানপুর; ভেদরগঞ্জের নরসিংহপুর, তারাবুনিয়া, স্টেশন বাজার, চেয়ারম্যান স্টেশন বাজার, চরবাঘা, কাঁচিকাটা ও দুলারচর; নড়িয়ার ওয়াপদা, সুরেশ্বর, চণ্ডীপুর, চর আত্রা ও নওপাড়া এবং জাজিরার নাওডোবা, পালেরচর, মঙ্গলমাঝি লঞ্চঘাট ও কাইজারচর বাজারে অবাধে জাটকা বিক্রি করা হচ্ছে। বিভিন্ন স্থানের পাইকারি মাছ বিক্রেতারা এসব স্থান থেকে কম দামে জাটকা কেনেন।গত মঙ্গল ও বুধবার ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর, দুলারচর ও চেয়ারম্যান স্টেশন বাজার এবং গোসাইরহাটের জালালপুর বাজারে গিয়ে দেখা যায়, জেলেরা ভোররাতে চার-পাঁচ ইঞ্চি সাইজের জাটকা নিয়ে বাজারে আসেন। নৌকার ভেতরে মাছ রেখে পাইকারদের কাছে বিক্রি করেন। মাছ ব্যবসায়ীরা তা বরফ দিয়ে ট্রলার, নছিমন ও পিকআপে করে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নিয়ে যান।পাইকারি মাছ ব্যবসায়ী হুমায়ুন সরদার বলেন, ‘সামনে পয়লা বৈশাখ। ইলিশ মাছের চাহিদা অনেক বেশি। এখানে দাম কম হওয়ায় এখন থেকেই মজুত করছি।’ ভেদরগঞ্জের মালকান্দি গ্রামের জেলে সুফিয়ান বলেন, ‘নদীতে মাছ না ধরলে খামু কী? তিন মাসে ৯০ কেজি চাউল পাব, তা দিয়ে কি সংসার চালানো যায়। বাধ্য হইয়াই আমাগো জাটকা ধরতে হয়।’শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাকসুদুর রহমান জানান, জাটকা নিধন বন্ধের লক্ষ্যে জেলেদের পুনর্বাসন সহায়তা দেওয়া হচ্ছে। বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।