শরীয়তপুরে নদীভাঙনে ৪০০ পরিবার গৃহহীন
পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে শরীয়তপুরের ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত দুই দিনে পদ্মার পানি সামান্য কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে স্রোত থাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দুই দিনে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ২৬টি গ্রামের ৪০০ পরিবার ভাঙনের শিকার হয়ে গৃহহীন হয়ে পড়েছে। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। গতকাল মঙ্গলবার সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দুর্গত এলাকায় খাওয়ার পানি, খাদ্য ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। ভেদরগঞ্জ উপজেলার বকাউলকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ও আবু সুফিয়ান বলেন, পদ্মা নদীতে স্রোত থাকায় বাড়িঘর, ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। তাঁরা ঘরের জিনিসপত্র সরানোর সময় পাচ্ছেন না। মুহূর্তের মধ্যে নদীতে সব গ্রাস করে ফেলছে। শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এই মুহূর্তে পাউবোর স্থানীয় কার্যালয়ে বরাদ্দ না থাকায় দুর্গত মানুষকে সহায়তা করা যাচ্ছে না।