শরীয়তপুরে পদ্মা-মেঘনার ভাঙন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে পদ্মা-মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা-শরীয়তপুর সড়কের ২০ মিটার পাকা রাস্তা এবং সখীপুরের চেয়ারম্যান স্টেশন বাজার সড়কের ৫০ মিটার ইটের রাস্তা বিলীন হয়ে গেছে। নতুন করে গৃহহীন হয়েছে ২০০ পরিবার। ভাঙনে ক্ষতিগ্রস্তদের এখনো ত্রাণ-সহায়তা দেওয়া হয়নি।শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা ও মেঘনা নদীর পানি কমতে থাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বুধ ও বৃহস্পতিবারের ভাঙনে ঢাকা-শরীয়তপুর সড়কের মঙ্গল মাঝির ঘাট এলাকায় ২০ মিটার পাকা সড়ক বিলীন হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার সখীপুর চেয়ারম্যান স্টেশন বাজার ইটের সড়কের ৫০ মিটার বিলীন হয়েছে। চেয়ারম্যান স্টেশন বাজারের শেষ প্রান্তের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও মঙ্গল মাঝি সাত্তার মাদবর লঞ্চ ঘাট এলাকার ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীগর্ভে চলে গেছে। গোসাইরহাট উপজেলার আলাউয়ালপুর ইউনিয়নের মতি গাইন কান্দি গ্রামের ৭০টি, আবুল দর্জি কান্দি গ্রমের ৩০টি, জাকির কাজী কান্দি গ্রামের ৫০টি ও আজিজ খাঁ কান্দি গ্রামের ৫০টি পরিবার গৃহহীন হয়েছে। গত সপ্তাহে ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পদ্মা ও মেঘনার ভাঙনে এক হাজার ২০০ পরিবার গৃহহীন হয়। প্রথম আলোয় এ নিয়ে সংবাদ প্রকাশের পর ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণের আশ্বাস দেন। কিন্তু এখনো সেখানে ত্রাণ তৎপরতা শুরু করা হয়নি।গোসাইরহাট উপজেলার মতি গাইন কান্দি গ্রামের মোবারক হোসেন (৪০), শাহীন মিয়া (৩২) ও শেফালী আক্তার (৩৫) জানান, মেঘনার ভাঙনে তাঁরা সর্বস্ব হারিয়েছেন। আশ্রয় না পেয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। এলাকায় কাজ না থাকায় অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছেন। ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান স্টেশন বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, ‘কয়েক দিন আগে ভাঙনে বসতভিটা, ফসলি জমি সব হারিয়েছি। এই দোকানের আয় দিয়ে সংসার চালাতাম। পদ্মার ভাঙনে তা-ও চলে গেল। ইউএনও ত্রাণ দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ দেওয়া হয়নি।’ভেদরগঞ্জের ইউএনও শামিমা ফেরদৌস জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এখনো ত্রাণ বরাদ্দ পাওয়া যায়নি। শরীয়তপুর পাউবোর সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কোনো বরাদ্দ শরীয়তপুর কার্যালয়ে নেই। ভাঙনের ভয়াবহতা জানিয়ে ঢাকা কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।