শরীয়তপুরে পদ্মার আট স্থানে বাঁধ দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে বাঁশের বাঁধ তৈরি করে তাতে জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পদ্মা নদীর আটটি স্থানে এ বাঁধগুলো দেওয়া হয়েছে।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নদীতে আড়াআড়ি করে বাঁধ নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ। দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করা হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় সূত্রগুলো জানায়, ভেদরগঞ্জ উপজেলার গৌরাঙ্গবাজার থেকে ঘোয়ালনগর পর্যন্ত পদ্মা নদীর মাঝ দিয়ে ছোট একটি চর। চরের দক্ষিণ ও উত্তর প্রান্ত দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। ১০ কিলোমিটার দীর্ঘ এ জায়গার মধ্যে আড়াআড়ি করে বাঁশ দিয়ে আটটি বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁশের সঙ্গে ছোট ফাঁকের জাল পেতে মাছ শিকার করা হয়। বাঁশের বাঁধগুলো ৪০০ মিটার থেকে ৫০০ মিটার পর্যন্ত দীর্ঘ।

গত বছরের সেপ্টেম্বরে এই বাঁধগুলো স্থাপন করা হয়েছে। বাঁধ থেকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় দুবার মাছ তোলা হয়। বাঁধে পাতা জালে আটকা পড়া মাছের বেশির ভাগই ছোট-বড় ইলিশ। আর বর্তমানে জাটকা ধরা পড়ছে বেশি। অথচ নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ। নৌযান চলাচলের জন্য এক পাশে ফাঁকা রেখে বাঁধগুলো স্থাপন করা হয়েছে। ফলে সব ধরনের নৌযান নদীর এক প্রান্ত দিয়ে চলাচল করে থাকে। নদীতে দীর্ঘ বাঁধ থাকায় রাতে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বাহেরচরে দুটি, গায়েনবাজারে একটি, গালিয়ারচরে একটি, টেপিরচরে দুটি, ছুরিরচরে একটি ও রাজরাজেশ্বরে একটি বাঁধ স্থাপন করা হয়েছে। এর মধ্যে উত্তর তারাবুনিয়ার মৎস্য ব্যবসায়ী জিন্নাত আলী প্রধানিয়া চারটি, শুকুর আলী ব্যাপারী দুটি ও ইউসুফ ব্যাপারী দুটি বাঁধ দিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা দয়াল চন্দ্র রায় বলেন, নদীতে আড়াআড়ি বাঁধ নির্মাণ করে মাছ শিকার করা অন্যায়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এটা দণ্ডনীয় অপরাধ।

বাঁধ নির্মাণকারী জিন্নাত আলী প্রধানিয়া বলেন, ‘নদীতে মাছ ধরা আমাদের পেশা। তাই বিভিন্ন প্রক্রিয়ায় নদী থেকে মাছ শিকার করি। দীর্ঘদিন ধরে আমরা বাঁশের বাঁধ দিয়ে মাছ ধরছি। কেউ কখনো বাধা দেয়নি।’

ইউসুফ ব্যাপারী বলেন, ‘বাঁধ দিয়ে আমরা কোনো ছোট মাছ শিকার করি না। সবার সঙ্গে যোগাযোগ রেখেই নদীতে বাঁধ দেওয়া হয়েছে।’

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বলেন, নদীতে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করার সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।