শরীয়তপুরে পদ্মা নদীর পানি কমতে থাকায় বেড়েছে স্রোত। সেই স্রোতের কারণে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলার ৩০টি গ্রামের এক হাজার ৫৩০ পরিবার গৃহহীন হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে দুই হাজার একর ফসলি জমি ও ৯০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা।শরীয়তপুর পাউবো ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমের শেষ পর্যায়ে পদ্মার পানি কমতে থাকায় নদীতে স্রোত বেড়েছে। নদী-তীরবর্তী গ্রামগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। ওই দিন থেকে গতকাল বুধবার পর্যন্ত নড়িয়ার নওপাড়া ইউনিয়নে ২৮০টি, চরআত্রা ইউনিয়নে ২৫০টি ও কেদারপুর ইউনিয়নে ৭৫টি, ভেদরগঞ্জের উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ১৫০টি ও কাচিকাটা ইউনিয়নের ৪৭০টি, জাজিরার কুন্ডেরচর ইউনিয়নে ২০০টি ও বড়কান্দি ইউনিয়নে ১০৫টি পরিবার গৃহহীন হয়। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়নগুলোর ৩০টি গ্রাম। গ্রামগুলোর দুই হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার হয়ে নড়িয়ার ওয়াপদা বাজারের ২০টি, সুরেশ্বর বাজারের ১০টি ও ভেদরগঞ্জের চেয়ারম্যান স্টেশন বাজারের ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।গত মঙ্গলবার ও গতকাল ভাঙনকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, নদীভাঙনের শিকার পরিবারগুলো উঁচু রাস্তা ও অন্যের ফসলি জমিতে আশ্রয় নিয়েছে। নদী-তীরবর্তী গ্রামের লোকজন ভাঙনের আশঙ্কায় ঘরবাড়ি নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। নড়িয়ার উত্তর কেদারপুর গ্রামের রহমান খান ও রাসেল মাঝি জানান, এ বছর নদীভাঙনের তীব্রতা অনেক বেশি। তাঁদের ফসলি জমি ও বসতভিটা সব পদ্মায় বিলীন হয়েছে। এখন আশ্রয়ের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরছেন।ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান স্টেশন বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, বাজারের ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে তাঁর ঘর ও আসবাব অন্যত্র সরিয়ে নিয়েছেন। কিন্তু দোকান বন্ধ হওয়ায় উপার্জনও বন্ধ হয়ে গেছে। এখন পরিবারের সদস্যদের জন্য খাবার জোগাড় করতে কষ্ট হচ্ছে।যোগাযোগ করা হলে শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক প্রথম আলোকে বলেন, এ বছর ভাঙনে নদী-তীরবর্তী অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পাউবোর কোনো বরাদ্দ না থাকায় ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছি না। ভাঙনের ভয়াবহতা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।জেলা প্রশাসক রামচন্দ্র দাস বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত ১ হাজার ১৬২ পরিবারের মধ্যে ২৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। তাদের পুনর্বাসন সহায়তা দিতে টাকা ও ঢেউটিন চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।