শরীয়তপুরে পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের চাপায় শরীয়তপুরের জাজিরা ডিগ্রি কলেজের সামনে শিশুমৃত্যুর ঘটনায় এলাকাবাসী বাস ভাঙচুর করে। এর প্রতিবাদে শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলার সব সড়কে গতকাল মঙ্গলবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।জাজিরা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে জাজিরা ডিগ্রি কলেজের সামনে গ্লোরি পরিবহনের একটি বাস দক্ষিণ বাইকসা গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর চার বছর বয়সী ছেলে সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা রোববার বিকেলে জেলার সব সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। গতকাল সকাল থেকে শরীয়তপুর আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে পুনরায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়। তবে সড়কগুলোতে অন্য যানবাহন চলাচল করছে।