শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার জন্য ১৪টি উচ্চবিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই বিদ্যালয়গুলোর কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে পরীক্ষা চলাকালে বিদ্যালয়গুলো বন্ধ রাখা হবে। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণায় শিক্ষার্থীরা পড়ালেখা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে এ বছর ২১টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেবে। ৩ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। এবার জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য সাতটি কলেজকে কেন্দ্র বানানো হয়েছে। ওই কেন্দ্রগুলোতে স্থানের সংকুলান না হওয়ায় কেন্দ্রের পাশে অবস্থিত ১৪টি বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হবে। শরীয়তপুর সদরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়, শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয়, ডোমসার জগৎ চন্দ্র ইনস্টিটিউশন, নড়িয়া উপজেলার নড়িয়া বিহারীলাল উচ্চবিদ্যালয়, বিঝারী উপসি তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয়, ডগ্রী ইসমাইল হোসেন স্কুল, সুরেশ্বর হাই স্কুল, ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়, জাজিরা উপজেলার জাজিরা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ ডুবলদিয়া আবদুর রাজ্জাক হাই স্কুল, বিকেনগর পাবলিক হাই স্কুল, গোসাইরহাট উপজেলার ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়, ডামুড্যা উপজেলার ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিঝারি উপসি তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বেলায়েত হোসেন বলে, ‘এইচএসসি পরীক্ষার জন্য আমাদের বিদ্যালয় প্রায় দুই মাস বন্ধ থাকবে। এর আগে এসএসসি পরীক্ষার কারণে দেড় মাস স্কুলের ক্লাস বন্ধ ছিল। এভাবে চলতে থাকলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।’
ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলে, ‘এসএসসি ও জেএসসিতে আমাদের বিদ্যালয় অনেক দিন বন্ধ থাকে। এ বছর আবার এইচএসসি পরীক্ষার জন্য প্রায় দুই মাস বিদ্যালয় বন্ধ থাকবে। এতে আমাদের পড়ালেখার অবস্থা অনেক খারাপ হবে। বিদ্যালয়ে ক্লাস না হলে আমাদের অনেক সমস্যা হয়। যার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে।’
শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা রানী বিশ্বাস বলেন, ‘এভাবে বিদ্যালয় বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হয়। সরকারি সিদ্ধান্ত আমাদের মানতে হচ্ছে, তাই এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হবে।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘পরীক্ষার মূল কেন্দ্রগুলোতে স্থান সংকুলান না হওয়ার কারণে পার্শ্ববর্তী বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। আমারও বুঝি, এতে শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা হচ্ছে। যেদিন পরীক্ষা না থাকবে, ওই দিন বিদ্যালয়ের ক্লাস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’