শরীয়তপুরে বন্ধ হয়ে গেছে মুরগির ৩৭০টি খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে ব্রয়লার মুরগির ৩৭০টি খামার বন্ধ হয়ে গেছে। বাজারে ব্রয়লার মুরগির দাম পড়ে যাওয়ায় খামারিদের উৎপাদন খরচ উঠছে না। এমন পরিস্থিতিতে লোকসানে মুরগি বিক্রি করতে হচ্ছে। লোকসান দিয়ে খামার টেকাতে গিয়ে অনেক খামারি ঋণগ্রস্ত হয়ে খামার বন্ধ করে দিয়েছেন।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার ছয় উপজেলায় ব্রয়লার মুরগির ৮১৩টি খামার ছিল। এর মধ্যে গত এক বছরে ৩৭০টি খামার বন্ধ করে দিয়েছেন খামারিরা।
শরীয়তপুরের বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির খুচরা মূল্য ১১৫-১২০ টাকা। খামারিরা প্রতি কেজি মুরগি বিক্রি করছেন ৯৫ থেকে ১০০ টাকায়। আর প্রতি কেজি মুরগি উৎপাদনে তাঁদের খরচ হচ্ছে ১১০ টাকা।
ব্রয়লার মুরগির খামারিরা বলেন, এক দিনের একটি মুরগির বাচ্চার দাম ৪০ টাকা। ওই বাচ্চাকে এক মাসে আড়াই কেজি করে খাবার দিতে হয়, যার দাম ১১০ টাকা। এক মাসে ওষুধ, শ্রমিক ও আনুষঙ্গিক খরচ হয় আরও ১৫ টাকা। বাচ্চাটির পেছনে মোট খরচ হয় ১৬৫ টাকা। এক মাস পর সেটির ওজন দাঁড়ায় দেড় কেজি। এই হিসাবে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ পড়ছে ১১০ টাকা। কিন্তু খামারিদের প্রতি কেজি ব্রয়লার মুরগি ৯৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।
শরীয়তপুর জেলা মুরগি খামার মালিক সমিতির সভাপতি আবদুল আলীম ব্যাপারী বলেন, ‘এক বছর ধরে উৎপাদন খরচের চেয়ে কম দামে মুরগি বিক্রি করে আমার খামারে লোকসান হচ্ছিল। খামারটি টিকিয়ে রাখতে আট লাখ টাকা লোকসান দিয়েছি। ঋণগ্রস্ত হয়ে এখন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এভাবে জেলার ৩৭০টি খামার বন্ধ হয়ে গেছে। লোকসান দিয়ে খামার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে খামারিরা বিপাকে পড়েছেন।’
নড়িয়া উপজেলার সুজাবাদ গ্রামের খামারি জাহাঙ্গীর আলম মকদম বলেন, ‘বাজারে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। ছয় মাস আগেও এক কেজি ওজনের ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৭০ টাকা। উৎপাদন খরচ ওঠাতে না পেরে খামার বন্ধ করে দিয়েছি। ছয় লাখ টাকা ঋণ করে এখন পালিয়ে বেড়াচ্ছি।’
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের খামারি দেলোয়ার হোসেন বলেন, ‘চার বছর মুরগির খামার চালিয়েছি। প্রথম দিকে ভালো লাভ হয়েছে। এক বছর লোকসান দিয়ে খামারটি বন্ধ করে দিয়েছি।’
শরীয়তপুর শহরের পালং বাজারের মুরগির বাচ্চা ও খাবারের ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘এখন বাজারে মুরগির বাচ্চা ও খাবারের দাম কম। একই সঙ্গে মুরগির বাজারদর অনেক কম। ছয় মাস ধরে শরীয়তপুরে মুরগির বাচ্চা ও খাবারের বিক্রি কমে গেছে। অনেক খামারির কাছে আমরা টাকা পাব। তাঁরা খামার বন্ধ করে দেওয়ায় টাকা ওঠাতে পারছি না।’
শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ব্রয়লার মুরগির খুচরা দাম খুবই কম। খামারিরা লোকসান দিয়ে খামার টিকিয়ে রাখতে পারছেন না। শরীয়তপুরে ব্রয়লার মুরগি শিল্প মারাত্মক হুমকিতে পড়েছে। দিশেহারা হয়ে অনেকে খামার বন্ধ করে দিয়েছেন।