শরীয়তপুরে বন্যায় তলিয়ে গেছে এক হাজার পুকুর
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাড়ৈপাড়া গ্রামের নূর হোসেন আটটি পুকুরে মাছ চাষ করেছিলেন। বন্যার পানি ঢুকলে মাছগুলো আটকে রাখতে ৫০ হাজার টাকা খরচ করে জাল ও টিন দিয়ে বেড়া দিয়েছিলেন। তাতেও কাজ হয়নি। তাঁর সব পুকুর তলিয়ে সব মাছ ভেসে গেছে।
এমনি করে এবারের বন্যায় জেলার তিনটি উপজেলার ২০টি ইউনিয়নের দুই শতাধিক গ্রামের এক হাজার পুকুর তলিয়ে গেছে। ভেসে গেছে সব মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয় শতাধিক মাছচাষি।
নূর হোসেন বলেন, ‘আটটি পুকুর দুই বছরের জন্য ভাড়া নিয়েছি। বন্যার পানিতে আমার পুকুরের সব মাছ ভেসে গেছে। ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে ঋণের ছয় লাখ টাকা কীভাবে পরিশোধ করব, তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’
জেলা মৎস্য কার্যালয় ও মৎস্য চাষি সমিতি জানায়, জেলায় ১৫ হাজার ১৮২টি মাছ চাষের পুকুর রয়েছে। এর মধ্যে নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলার প্রায় এক হাজার পুকুরে বন্যার পানি ঢুকে সব মাছ ভেসে গেছে। ছয় শতাধিক মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ঋণ নিয়ে মাছ চাষ করায় এখন দিশেহারা হয়ে পড়েছে।
গত সোমবার ও গতকাল মঙ্গলবার বন্যাকবলিত নড়িয়ার কেদারপুর ও ফতেজঙ্গপুর এবং ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর ও চরভাগা এলাকায় গিয়ে দেখা যায়, মাছ চাষের পুকুরগুলোতে বন্যার পানি। মাছচাষিরা মাছ আটকানোর জন্য পুকুরের পাড়ে বস্তায় বালু ভরে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। অনেকে জাল ও টিন দিয়ে বেড়া তৈরি করেছেন।
ফতেজঙ্গপুর গ্রামের মাছচাষি সেলিম ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। মাছ আটকে রাখার জন্য আমরা কোনো প্রস্তুতি নিতে পারিনি।পানিতে সব মাছ ভেসে যাওয়ায় আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’
কার্তিকপুর গ্রামের মাছচাষি বলরাম দাস বলেন, ‘পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে কোনোরকমে চলে যাচ্ছিল। বন্যায় এভাবে ক্ষতি হওয়ায় এখন পথে বসে গেলাম। কীভাবে ধারের টাকা শোধ দিব, ঈশ্বরই জানেন।’
মৎস্য চাষি সমিতির সহসভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলোর প্রায় এক হাজার পুকুর পানিতে তলিয়ে গেছে। মাছ ভেসে যাওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।’
জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, বন্যার পানিতে বেশ কিছু পুকুরের ক্ষতি হয়েছে। পুকুরগুলোর তালিকা প্রস্তুত করা হবে। ক্ষতিগ্রস্ত মাছচাষিদের সহায়তা দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।