শরীয়তপুরে বন্যায় সবজির ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় শরীয়তপুর জেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমিতে পানি ঢুকে আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন সবজিচাষিরা। জাজিরা উপজেলার চরখোড়াতলা গ্রামের জালাল উদ্দিন ফকির বলেন, ‘প্রতিবছর আগাম সবজি আবাদ করে অনেক টাকা আয় করি। এ বছর পানিতে সব সবজি নষ্ট হয়ে গেছে। আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লাম।’ শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পদ্মা নদীর পানি সুরেশ্বর এলাকায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে কয়েক দিন পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নদীতীরবর্তী ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। জাজিরা উপজেলার ১৫টি গ্রামের প্রায় এক হাজার একর জমির সবজি পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকেরা জানান, জাজিরা উপজেলার চরখামার, চরখোড়াতলা, খোড়াতলা, পশ্চিম ছাব্বিশপাড়া, উত্তর ক্যাবলনগর, জয়নগর, উত্তরপাড়, মোল্লাকান্দি, গজনাইপুর, ছাব্বিশপাড়া, মিরাশা, লাউখোলা, চরলাউখোলা, জয়সাগর ও মুলনা গ্রামের দুই হাজার একর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এ অঞ্চলে শীতকালীন সবজি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আবাদ শুরু হয়। হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে কীর্তিনাশার তীর উপচে সবজির জমিতে ঢুকে পড়ায় প্রায় এক হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে। টমেটো, বেগুন, লালশাক, মুলা, করলা ও লাউ খেতে পানি ঢুকে গাছ পচে গেছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, নিচু জমির সবজিগাছ পানিতে তলিয়ে রয়েছে। যেসব জমিতে এখনো পানি ঢোকেনি, কৃষকেরা সেখানে মাটির উঁচু আইল (বাঁধ) দিয়ে জমির সবজি বাঁচানোর চেষ্টা করছেন। সেচপাম্পের সাহায্যে অনেক কৃষক জমি থেকে পানি অপসারণ করছেন। চরখামার গ্রামের হাসমত সরদার (৬০) বলেন, ‘আমার দুই একর জমির সবজি নষ্ট হয়েছে। একরপ্রতি ২২ থেকে ২৪ হাজার টাকা ক্ষতি হবে।’ মুলনা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ অঞ্চলের কৃষকেরা আগাম সবজির আবাদ করে স্বাবলম্বী হয়েছেন। প্রতিবছর এ সময়ে সবজির আবাদ করা হয়। এ বছর বন্যার পানি ঢুকে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান বলেন, অসময়ে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকের পাশে থেকে এ সংকট মোকাবিলা করার চেষ্টা করছেন।