শরীয়তপুরে বালু তোলায় সড়কে ধস, ভাঙন
দীর্ঘদিন ধরে বালু তোলায় শরীয়তপুর সদর উপজেলার একটি সড়কের কিছু অংশ ধসে পড়েছে। সড়কটি কীর্তিনাশা নদীর তীরে। এ নদী থেকেই ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। এ ব্যাপারে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে। গত সপ্তাহে এ আবেদন করা হয়।এলাকাবাসী ও লিখিত আবেদন সূত্রে জানা গেছে, এক বছর ধরে শরীয়তপুর-শিবচর সড়কের রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। স্থানীয় বালু ব্যবসায়ী আতাউর মল্লিক শ্রমিক নিয়োগ করে বালু তুলতেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন প্রচুর পরিমাণে বালু তোলায় ১৫ দিন আগে রাজগঞ্জ এলাকায় ওই সড়কের কিছু অংশ ধসে পড়ে এবং ২০০ মিটারে ভাঙন সৃষ্টি হয়। এ ঘটনার পর আতাউর মল্লিক বালু তোলা বন্ধ করে দেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভাঙন ঠেকাতে ওই স্থান রড ও বাঁশ দিয়ে পাইলিং করে দিয়েছে।বালু ব্যবসায়ী আতাউর মল্লিক বলেন, ‘কীর্তিনাশা নদী থেকে ড্রেজার দিয়ে আমি বালু উত্তোলন করিনি। ড্রেজার মালিকদের কাছ থেকে বালু ক্রয় করেছি। সড়কে ভাঙন সৃষ্টি হওয়ার আগেই ড্রেজারটি সরিয়ে নেওয়া হয়েছে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিখারুদৌলা চৌধুরী বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি এলজিইডির কর্মকর্তাদের জানানো হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নিরঞ্জন দাস বলেন, ‘সড়কটি টিকিয়ে রাখার জন্য বাঁশ ও রড দিয়ে নদীর তীরে পাইলিং করেছি। ভারী যান চলাচল আপাতত বন্ধ রেখেছি। শিগগিরই দরপত্র আহ্বান করে সড়কটি রক্ষা করা হবে।’