শরীয়তপুরে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। বিকল্প সড়ক তৈরি না করে সেতুর নির্মাণকাজ শুরু করার প্রতিবাদে শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট পালন করা হয়। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বিকল্প সড়ক নির্মাণের আশ্বাস দেওয়ার পর বিকেলে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। ধর্মঘট চলাকালীন নড়িয়া থেকে ফরিদপুরগামী যাত্রী কাওসার আহমেঞ্চদ বলেন, ‘জরুরি ব্যবসায়িক কাজে ফরিদপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। টেম্পোতে করে কিছুদূর আসার পর দেখি, সড়কের ওপর বাস রেখে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই হেঁটেই রওনা হয়েছি। যেখানে গাড়ি পাব, সেখান থেকেই উঠব।’ বাসশ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-শরীয়তপুর সড়কের আমিন বাজার, জাজিরা, শিবচর-শরীয়তপুর সড়কের গঙ্গানগর, ভেদরগঞ্জ-নড়িয়া সড়কের কার্তিকপুর ও ঘড়িষার এলাকায় নতুন সেতুর নির্মাণ চলছে। প্রতিটি সেতুর কাছ দিয়ে বিকল্প সড়ক তৈরি করার কথা। কিন্তু ঠিকাদারেরা দায়সারা গোছের বিকল্প সড়ক তৈরি করায় ঝুঁকি নিয়ে সেসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। শরীয়তপুর আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলিম পাহাড় বলেন, পাঁচটি সেতুর স্থানে বিকল্প সড়কগুলো সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি। এতে প্রতিদিনই গাড়ি দুর্ঘটনার শিকার হয়। সওজ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল হোসেন বলেন, ঠিকাদারদের অতিমাত্রায় অবহেলা ও অসতর্কতায় জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বিকল্প সড়কগুলো সম্পূর্ণ প্রস্তুত করার জন্য ঠিকাদারদের চিঠি দেওয়া হয়েছে।