শরীয়তপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
শরীয়তপুর জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন স্থানীয় নেতা-কর্মীরা। কেন্দ্র থেকে কমিটি ঘোষণা না দিয়ে তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে সমেঞ্চলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, গত রোববার কেন্দ্র থেকে শফিকুর রহমানকে সভাপতি, নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মহিতুল গণিকে সাংগঠনিক সম্পাদক করে শরীয়তপুর জেলা বিএনপির ১৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। কমিটি বাতিলের দাবি জানিয়ে তাঁরা রবি ও সোমবার বিক্ষোভ, ঝাড়ুমিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন।গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। বিক্ষোভ শেষে কোর্ট সড়কের গণগ্রন্থাগারের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক জব্বার খান, পৌর বিএনপির সভাপতি আবদুল মান্নান মাদবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন মুন্সি, জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।