শরীয়তপুরে ছাত্রদলের কর্মসূচিতে গতকাল বুধবার যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় জেলা বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর করা হয়। দুই পক্ষের সংঘর্ষে ইট ও লাঠির আঘাতে সাংবাদিকসহ ২৬ ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ঢাকা-শরীয়তপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শরীয়তপুর সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রদলের দুটি পক্ষ শহরের দুই প্রান্তে আলোচনা সভার আয়োজন করে। এক পক্ষের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। অপর পক্ষের আলোচনা সভায় সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হেমায়েত উল্যাহ ও সদস্য জামাল শরীফ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট সড়কে বিএনপির কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের টিনের ছাউনির ঘরটি ভাঙচুর করা হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এটিএন বাংলার শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ লাঠির আঘাতে আহত হন। হামলাকারীরা প্রথম আলোর এ প্রতিনিধির মোটরসাইকেলটিও ভাঙচুরের চেষ্টা চালায়।যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শরীয়তপুর বাস টার্মিনালসংলগ্ন বিএনপির আরেকটি কার্যালয়ে হামলা চালান। তখন বিএনপি ও যুবলীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট ও লাঠির আঘাতে ২৫ জন আহত হন। আহত জেলা বিএনপির কোষাধ্যক্ষ সিরাজুল হক মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে এক ঘণ্টা ঢাকা-শরীয়তপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। আতঙ্কে কোর্ট এলাকা থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কের দুই পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, বিএনপির দুই পক্ষ শহরে আলাদাভাবে কর্মসূচি পালন করছিল। পরিস্থিতি উত্তপ্ত থাকায় দুই জায়গাতেই পুলিশ মোতায়েন ছিল। যুবলীগ বিক্ষোভ মিছিল করলে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে আরও পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।