শরীয়তপুরে বিশৃঙ্খলায় ম্লান ভোটের পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট দেওয়া, প্রকাশ্যে ভোট দিতে ভোটারকে বাধ্য করা, এজেন্টদের ভয়ভীতি দেখানো, ককটেল বিস্ফোরণ ও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনার মধ্যে দিয়ে শরীয়তপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার ১৭টি ইউনিয়নে গতকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগেই। বাকি ১১টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তবে সবগুলো ইউনিয়নেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে।
সকাল আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিঝারী, মোক্তারের চর, পূর্ব নাওডোবা ও পালেরচর ইউনিয়নের ১১টি কেন্দ্র ঘুরে দেখেন এ দুই প্রতিবেদক। সব ভোটকেন্দ্রেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।
জাজিরার নাওডোবা ইউনিয়নের মোহর আলী মাতবরকান্দি সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বেলা ১১টার দিকে দেলোয়ার খলিফা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। দেলোয়ারকে ছাড়িয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রার্থী নেছার উদ্দিন মাতবরের ভাই তাজেল মাতবর পুলিশের ওপর চড়াও হন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। তখন ভ্রাম্যমাণ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান জাল ভোট দেওয়ার অপরাধে দেলোয়ারকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তাজেল মাতবরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তখন নেছার মাতবরের সমর্থকেরা নির্বাচনী দায়িত্ব পালনকারী বিচারিক হাকিম, নির্বাহী হাকিম, জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রাস্তায় গাছ ও ড্রাম ফেলে তাঁদের গাড়ির যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পরে র্যাব ও বিজিবির সদস্যরা এসে তাঁদের উদ্ধার করেন।
বেলা একটার দিকে নেছারের সমর্থকেরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন খানের সমর্থক মোসলেম মাতবরের বাড়ির দুটি ঘর ভাঙচুর করেন।
এদিকে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ফইজউদ্দীন মাতবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের বিঝারী নিখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৩৯ নম্বর ভড্ডা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাণ্ডা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিতে দেখা যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন অবশ্য বলছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।