শরীয়তপুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পৌরসভা নির্বাচনে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তারপর প্রার্থী বাছাই, প্রতীক বরাদ্দ। কিন্তু তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য গ্রাম ও হাটবাজারে গণসংযোগ করছেন।
প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের ও তাঁদের পারিবারিক পরিচিতি তুলে ধরছেন। কেউ কেউ দলীয় পরিচিতিও তুলে ধরছেন। কেউ ছুটে যাচ্ছেন বাড়িতে, কেউ যাচ্ছেন ব্যবসাপ্রতিষ্ঠানে, কেউ যাচ্ছেন স্থানীয় বিদ্যালয়ে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভায় ৩২ হাজার ২৪৬ জন ভোটার। নয়টি ওয়ার্ডে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউন্সিলর পদের জন্য ৬১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ইমু আক্তার স্থানীয় বিদ্যালয়গুলোতে যাচ্ছেন। এ ছাড়া বাড়ি বাড়ি ঘুরে শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি বলেন, ‘আমি বর্তমানে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। নারীদের অধিকার আদায়ে কাজ করায় এলাকার মানুষের চাপে আবার প্রার্থী হয়েছি।’
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মানিক মোল্যা বলেন, তাঁদের ওয়ার্ডটি একটি অজপাড়াগাঁ। গ্রামের মানুষের মধ্যে শিক্ষা বিস্তার ও এলাকা মাদকমুক্ত করার জন্য অনেক আগে থেকে তিনি কাজ করছেন বলে জানান। এবারের নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি প্রচারণা চালাবেন।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, ‘আমি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। আমি সব সময় গ্রামে-হাটবাজারে মানুষের খোঁজখবর নিই। সামনে নির্বাচন, তাই এখন একটু বেশি মানুষের সঙ্গে দেখা করছি। প্রতীক পাওয়ার পর প্রচারণা চালাব।’
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালাতে পারবেন না। সম্ভাব্য প্রার্থীরা এখন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। বড় ধরনের প্রচারণা চালানোর কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।