শরীয়তপুরের পাঁচটি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই ঘোষণা দেওয়া হয়। একই দিনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্থানীয় বিএনপির মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শরীয়তপুর সদর পৌরসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরউদ্দিন কালু, ভেদরগঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি এম মোস্তফা, নড়িয়া পৌরসভায় উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাহান ব্যাপারী, ডামুড্যা পৌরসভায় পৌরসভা কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর ও জাজিরা পৌরসভায় উপজেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন শিকদারকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গতকাল দুপুরে এই চূড়ান্ত তালিকা ঘোষণা দেওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরউদ্দিন কালু বলেন, প্রার্থীদের তালিকা জেলা কমিটি থেকে পাঠানো হয়। কেন্দ্র থেকে ওই তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হবে।
জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ইকবাল হোসেন শিকদার বলেন, ‘দল মনোনয়ন দিয়েছে, এখন জয়ী হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব।’
ভেদরগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী বি এম মোস্তফা বলেন, ‘প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আমাদের কোনো কর্মীকে যেন বিনা কারণে হয়রানি করা না হয়।’
এদিকে কলাপাড়া উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরসভায় দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদার এবং কুয়াকাটা পৌরসভায় লতাচাপলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক আবদুল আজিজ মুসুল্লিকে মেয়র পদের জন্য দলীয় প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে মনোনীত করা হয়েছে। গতকাল দুপুরে অনুষ্ঠিত একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সহসম্পাদক এ বি এম মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
কলাপাড়া পৌরসভায় বিএনপির নয়জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আছেন বলে জানা গেছে। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী আছেন তিনজন। কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এসব প্রার্থীর তালিকা ঘোষণা করেন।
এ ছাড়া কুয়াকাটা পৌরসভায় বিএনপি থেকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আছেন নয়জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন সম্ভাব্য প্রার্থী আছেন।