শরীয়তপুরে মৌ চাষে সফল সাতক্ষীরার আইলাদুর্গতরা
শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে আছে সরষে, কালোজিরা, ধনিয়া, সবজিসহ বিভিন্ন ফসলের খেত। এসব খেতের পাশে এখন চোখে পড়ে মাটির ওপর সারি করে রাখা আয়তাকার কাঠের বাক্স। সাত থেকে ১০ জনের একেকটি দল একেকটি স্থান থেকে মুখমণ্ডল ঢেকে সংগ্রহ করছে মধু। দুই উপজেলায় এমন ৩০টি দল ৩০টি স্থানে চাষ করছে মৌমাছির।এই ৩০টি দলের দুই শতাধিক লোক এসেছেন আইলাদুর্গত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনাগর, সিংহরতলী, চুনকুড়ি, ভেটখালি, যতীন্দ্রনগর ও মথুরাপুর গ্রাম থেকে। শরীয়তপুরে মৌ চাষ করে তাঁরা পেয়েছেন ব্যাপক সাফল্য। অভাব ঘুচেছে তাঁদের।শ্যামনগরের হরিনাগর গ্রামের বাসিন্দা আকবর আলী (৩৫) সুন্দরবনে মৌ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। কাজ না থাকায় গত বছরের নভেম্বরে তিনি একটি দল নিয়ে আসেন জাজিরার বিলাসপুর গ্রামে। এখানে বিভিন্ন সবজিখেতের সমারোহ দেখে বাক্স পদ্ধতিতে মৌ চাষের চিন্তা মাথায় আসে তাঁর। এরপর বাক্স বানিয়ে শুরু করেন মৌ চাষ। অল্প দিনেই বেশ সফলতা পান। তাঁর সাফল্যের কথা শুনে গত ডিসেম্বরে শ্যামনগর থেকে আসে দুই শতাধিক লোক। জাজিরা ও নড়িয়ার বিভিন্ন গ্রামে ৩০টি দল গড়ে ৩০টি স্থানে বাক্স রেখে মৌ চাষ শুরু করেন তাঁরা।মৌ চাষ করা একেকটি স্থানে ২০০ থেকে ২৫০টি বাক্স রাখা হয়। প্রতিটি বাক্স ২০ ইঞ্চি লম্বা ও ১৬ ইঞ্চি প্রস্থ। বাক্সের মধ্যে স্থাপন করা হয় মৌমাছির বাসা। প্রতি সপ্তাহে একবার করে বাক্সগুলো থেকে মধু সংগ্রহ করা হয়। একেকটি বাক্স থেকে পাওয়া যায় দুই থেকে আড়াই কেজি মধু। সপ্তাহে ২০০টি বাক্স থেকে অন্তত ৪০০ কেজি মধু পাওয়া যায়। ঢাকা থেকে ব্যবসায়ীরা এসে এ মধু কেনেন। প্রতি কেজি মধু বিক্রি হয় ১৪০ থেকে ১৬০ টাকায়। অর্থাত্ প্রতি সপ্তাহে ৪০০ কেজি মধু বিক্রি করলে পাওয়া যায় কমবেশি ৬০ হাজার টাকা। এই মৌ চাষ চলবে মার্চ মাস পর্যন্ত। মার্চ মাস শেষে মধু সংগ্রহের জন্য তাঁরা চলে যাবেন সুন্দরবনে।শরীয়তপুরে মৌ চাষের উদ্যোক্তা আকবর আলী বলেন, ঘূর্ণিঝড় আইলার পর থেকে এলাকায় কোনো কাজ ছিল না। কাজের সন্ধানেই তাঁর শরীয়তপুরে আসা। এখানে চার মাসের মৌ চাষে তিনিসহ অনেকের অভাব ঘুচেছে বলে তিনি জানান।শরীয়তপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক গোলাম মহিউদ্দিন জানান, রবিশস্য ও সবজি থেকে প্রচুর পরিমাণে মধু উত্পাদন করা যায়। মৌ চাষ করেও যে দারিদ্র্য জয় করা যায়, এর প্রমাণ দিয়েছেন শ্যামনগরের আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।