শরীয়তপুরে রুটি খেয়ে ৫০ জন অসুস্থ
শরীয়তপুর সদর উপজেলার টুমচর গ্রামে গতকাল মঙ্গলবার ফকিরের পড়া আটার রুটি খেয়ে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে৷ ওই গ্রামের মোতালেব আকনের ঘরের স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তাদের রুটি খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে৷
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, টুমচর গ্রামের মোতালেব আকনের ঘর থেকে গত ৫ এপ্রিল একটি সোনার চেইন হারিয়ে যায়৷ এটি উদ্ধার ও চোর শনাক্ত করার জন্য তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নলকোনা গ্রামের ফকির আবদুর রাজ্জাকের কাছে যান৷ তিনি গত রোববার মোতালেবকে চার কেজি আটা পড়ে দিয়ে সেগুলোর সাহায্যে রুটি তৈরি করে যাদের সন্দেহ হয়, তাদের খাওয়াতে বলেন৷ তিনি মোতালেবকে আরও বলেন, যে চেইন চুরি করেছে, সে রুটি খেয়ে অসুস্থ হয়ে পড়বে৷
মোতালেব বাড়ি ফিরে এসে গতকাল সকালে গ্রামের কিছু লোককে ‘রুটি পড়া’ খাওয়ার জন্য তাঁর বাড়িতে ডাকেন৷ তাঁর ডাকে সাড়া দিয়ে ৫০ জন ব্যক্তি এলে তাদের ওই রুটি খাওয়ানো হয়৷ রুটি খাওয়ার ৩০ মিনিটের মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়েন৷ তাদের মধ্যে ২০ জনকে শরীয়তপুর সদর হাসপাতাল এবং বাকিদের মাদারীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷
বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের গিয়ে দেখা যায়, অনেকে অচেতন হয়ে শয্যায় পড়ে আছে৷ চিকিৎসকেরা তাদের চিকিৎসা দিচ্ছেন৷
হাসপাতালে চিকিৎসাধীন টুমচর গ্রামের বেলায়েত হোসেন বলেন, ‘বাড়ি থেকে সোনার চেইন হারিয়ে যাওয়ায় মোতালেব আকন আমাদের ফকিরের দেওয়া রুটি পড়া খাওয়াইছে৷ রুটি খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ছি৷’
ফকির আবদুর রাজ্জাক সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হয় দিগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হোসেনের সঙ্গে৷ তিনি বলেন, আবদুর রাজ্জাক স্থানীয়ভাবে প্রতারক হিসেবে পরিচিত৷
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীর আহমদ খান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়েছেন৷ রুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে বোঝা যাবে কী ধরনের বিষক্রিয়া ছিল৷ সদর থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, ‘ফকিরের দেওয়া রুটি পড়া খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, এমন কোনো তথ্য আমার কাছে নেই৷ কেউ থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেব৷’