শরীয়তপুরে সংঘর্ষের পর গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনার সময় দুই প্রার্থীর সমর্থকদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে উত্তর গ্রাম চিকন্দি গ্রামে অভিযান চালান র‌্যাব সদস্যরা।সংঘর্ষের সময় গুলিভর্তি একটি ম্যাগজিন খোয়া গেছে জানিয়ে র‌্যাব সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালান। সংঘর্ষের পরপরই গ্রামের অধিকাংশ পুরুষ এলাকা ছাড়তে শুরু করেন। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়ি তালাবদ্ধ। বেশির ভাগ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। নারীরা ভীতসন্ত্রস্ত। কেউ কোনো কথা বলতে রাজি হননি। বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে একজন নিহত ও আরও চারজন গুলিবিদ্ধ হন। নিহতের নাম সায়েদ বেপারী (২০)। তিনি গয়ঘর গ্রামের হারুন বেপারীর ছেলে। র‌্যাব, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শৌলপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর গ্রাম চিকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট গণনার শেষ পর‌্যায়ে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী হায়দার বেপারী এগিয়ে রয়েছেন—এমন খবর পেয়ে আরেক সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা বাধা দিলে দেলোয়ারের লোকজন তাঁদের অবরুদ্ধ করে ফেলেন। কর্মকর্তাদের উদ্ধার করতে গেলে দেলোয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে শরীয়তপুর থেকে র‌্যাব-৮-এর সদস্যরা এবং আরও পুলিশ ঘটনাস্থলে যায়। লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও র‌্যাব ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হারুন বেপারী ও তাঁর ছেলে সায়েদ বেপারী, ইসমাইল হোসেন খান, আলাউদ্দিন মিয়া ও সালামত খান গুলিবিদ্ধ হন। জাজিরা উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান সায়েদ বেপারী। অন্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে ঢাকার পঙ্গু হাসপাতালের নিবিড় পরিচর‌্যা কেন্দ্রে চিকিৎসাধীন সালামতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংঘর্ষের সময় প্রার্থীর সমর্থকদের হামলায় ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ভূঁইয়াসহ পুলিশের পাঁচ সদস্য এবং র‌্যাবের আট সদস্য আহত হয়েছেন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সায়েদ বেপারীর লাশ গতকাল দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা পুলিশ। তাঁর বাবা হারুন বেপারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।নিহত সায়েদ বেপারীর মা বিউটি বেগম বলেন, সায়েদ ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। নির্বাচন উপলক্ষে বাড়ি এসেছিল। ভোটকেন্দ্রে গণ্ডগোল লেগেছে এমন খবর পেয়ে সে বাবাকে খোঁজার জন্য সেখানে যায়। গিয়ে দেখে বাবা গুলিবিদ্ধ হয়েছেন। বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও গুলি করা হয়। র‌্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘র‌্যাবের ছোড়া গুলিতে কেউ নিহত বা আহত হওয়ার খবর আমার জানা নেই। র‌্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করা হবে।’ সিরাজুল ইসলাম বলেন, ‘খোয়া যাওয়া ম্যাগজিন ও গুলি উদ্ধারের জন্য আমরা গ্রামে তল্লাশি চালিয়েছি। অন্য কোনো উদ্দেশ্যে নয়।’ওসি রবিউল দাবি করেন বলেন, ‘পুলিশের গুলিতে কেউ নিহত বা আহত হয়নি।’ তবে লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছিল বলে তিনি স্বীকার করেছে। তবে এ বিষয়ে কথা বলার জন্য সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ফোনও বন্ধ পাওয়া যায়।সংশোধনী: গতকাল এ বিষয়ক প্রতিবেদনে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে সালামত খান নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে গ্রামবাসী পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ তথ্য-বিভ্রান্তির জন্য আমরা দুঃখিত।