শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভার কোটাপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে৷ এরা হলো উপজেলার কোয়ারপুর গ্রামের গফুর খানের ছেলে বিল্লাল খান (৩০) ও একই উপজেলার বাঘিয়া গ্রামের কালু সরদারের মেয়ে সোনিয়া (৯)৷
পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের শরীয়তপুর পৌরসভার কোটাপাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোনিয়াকে চাপা দিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়৷ এতে ঘটনাস্থলেই সোনিয়া মারা যায় এবং মোটরসাইকেলের চালক বিল্লাল খান ও আরোহী সুজন মিয়া মারাত্মক আহত হন৷ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিল্লাল খানকে মৃত ঘোষণা করেন৷ অবস্থার অবনতি হওয়ায় সুজন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷