শরীয়তপুরে সরকারি কৌঁসুলিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক আইনজীবীর কার্যালয় ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আবদুল মোতালেব মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে অতিরিক্ত সরকারি কৌঁসুলি আলমগীর হোসেন মুন্সীকে দায়িত্ব দেওয়া হয়েছে।শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কার্যালয় থেকে গত রোববার পাঠানো এক ফ্যাক্সবার্তায় মোতালেব মিয়াকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পরদিন মোতালেব মিয়াকে দায়িত্ব হস্তান্তর করে মামলাসংক্রান্ত সব কাগজপত্র বুঝিয়ে দিতে চিঠি পাঠান শরীয়তপুরের জেলা প্রশাসক।এ ব্যাপারে আবদুল মোতালেব মিয়া বলেন, ‘আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের চিঠি পাওয়ার পর গত মঙ্গলবার জিপির দায়িত্ব হস্তান্তর করেছি। সব কাগজপত্রও বুঝিয়ে দিয়েছি।’গত ২৯ জুন ‘সরকারি কৌঁসুলিকে বহিষ্কার’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি রওশন আরা বেগমের কার্যালয়ের টিনের ঘর রাতের আঁধারে মোতালেব মিয়া ভেঙে নিয়ে যান। এ ব্যাপারে রওশন আরা বেগম আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করলে সমিতি তাঁকে (মোতালেব মিয়া) ১৫ দিনের জন্য সদস্য পদ থেকে বহিষ্কার করে।