শরীয়তপুরে সার্কাসে জুয়া, অশ্লীল নৃত্য
শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা স্টেডিয়ামে মাসব্যাপী সার্কাস শোর নামে অশ্লীল নৃত্য ও রাতভর জুয়ার আসর চলছে। ফুটবল খেলার মৌসুমে টুর্নামেন্টের পরিবর্তে মাঠে সার্কাসের আয়োজন করায় ক্রীড়া সংগঠনের কর্মীরা ক্ষুব্ধ। স্টেডিয়ামের পাশে দুটি কলেজ ও দুটি উচ্চবিদ্যালয় থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, জেলা প্রশাসন ক্রীড়া সংস্থাকে স্টেডিয়ামে ১ থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সার্কাস শো চালানোর অনুমতি দিয়েছে। ক্রীড়া সংস্থা মাঠ ভাড়া বাবদ সার্কাস পার্টির কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা নিয়েছে। প্রতিদিন দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায় শো চালানো হয়। তিন ঘণ্টাব্যাপী শোতে এক ঘণ্টা অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। স্টেডিয়ামের ভেতরে রাতভর চলে জুয়ার আসর। দুপুর ১২টার শোর আগে ও পরে উচ্ছৃঙ্খল দর্শকেরা স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে।স্টেডিয়ামের ১০০ গজের মধ্যে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ ও শরীয়তপুর সরকারি কলেজ। পাশেই শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়। কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে। ১৩ সেপ্টেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। বিদ্যালয়গুলোতে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এ সময়ে স্টেডিয়ামে সার্কাস চলায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী শাওন, রোকেয়া ও শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের পরীক্ষা চলছে, প্রতিদিন কোচিং ও পরীক্ষার জন্য কলেজে আসতে হয়। কলেজের পাশে স্টেডিয়ামে সার্কাস চলায় আমাদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। সার্কাসের শোর আগে ও পরে উচ্ছৃঙ্খল দর্শনার্থীরা মেয়েদের উত্ত্যক্ত করে।’শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ফজলুল হক বলেন, ‘কলেজের পাশেই স্টেডিয়াম। ক্রীড়া সংস্থা স্কুল-কলেজের পরীক্ষার মৌসুমে কেন সার্কাসের আয়োজন করেছে, তা আমাদের বোধগম্য নয়।’ শরীয়তপুর সদর উপজেলার ক্রীড়া সংগঠক আবদুস সামাদ বেপারী বলেন, ক্রীড়া সংস্থা খেলাধুলার ব্যবস্থা না করে সার্কাসের আয়োজন করেছে, এটা খুবই দুঃখজনক। এ সময়ে সাধারণত স্টেডিয়ামগুলোতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ বছর শরীয়তপুর জেলা স্টেডিয়ামে কোনো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়নি।দি লায়ন সার্কাসের ব্যবস্থাপক সন্তোষ সরকার বলেন, ‘ক্রীড়া সংস্থার সঙ্গে আমাদের মাসব্যাপী শো চালানোর বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিটি তিন ঘণ্টার শোর মধ্যে কিছু সময় নৃত্য পরিবেশন করা হয়। শোতে দর্শক ধরে রাখার জন্য এমন নৃত্য পরিবেশন করা হয়।’জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুস সালাম মাদবর বলেন, ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহের জন্য স্টেডিয়ামে সার্কাসের আয়োজন করা হয়েছে। সার্কাস শোতে শিল্পীরা দর্শকদের মনোরঞ্জনে নানা ধরনের কলাকৌশল প্রদর্শন করেন। তবে সেখানে অশ্লীল কিছু প্রদর্শন করা হয় না। স্টেডিয়ামে কোনো জুয়ার আসরও বসে না।জেলা প্রশাসক সানোয়ার হোসেন বলেন, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর না বসানোর শর্তে জেলা স্টেডিয়ামে সার্কাসের অনুমোদন দেওয়া হয়েছে। সার্কাসে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসে কি না, তা তদন্ত করে দেখা হবে। প্রমাণ মিললে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।