শরীয়তপুরে সেতু ভেঙে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-খুলনা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের একটি বেইলি সেতু ভেঙে গতকাল বুধবার ভোর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটির স্থানে বিকল্প সড়ক নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করতে তিন থেকে চার দিন সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।সওজের শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সাময়িক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় এ মহাসড়কের আমিন বাজার এলাকায় একটি ছোট খালের ওপর কালভার্ট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। ১০ ফুট দীর্ঘ এ কালভার্ট নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসে ডোরা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হয়। যানবাহন চলাচলের জন্য ওই সময় এখানে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়।গতকাল ভোরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে এর স্টিলের পাত ভেঙে ট্রাকটি আটকে যায়। তখন থেকেই এ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সেতুর দুই পাশে পণ্য ও যাত্রীবাহী কয়েক শ ট্রাক ও বাস আটকে আছে। ট্রাকচালক মিজানুর রহমান বলেন, কালভার্ট নির্মাণ করার স্থানে বিকল্প রাস্তা তৈরি না করে একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু নির্মাণ করা হয়েছিল। সেই সেতু ভেঙে যাওয়ায় এখন যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প রাস্তা নির্মাণ করা হলে এ সমস্যার সৃষ্টি হতো না। ঠিকাদারি প্রতিষ্ঠান ডোরা এন্টারপ্রাইজের মালিক পাভেল মুন্সী বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য বিকল্প রাস্তা নির্মাণের কাজ চলছে।সওজের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল হোসেন বলেন, স্থানীয় মানুষের সহায়তা না পাওয়ায় বিকল্প রাস্তা নির্মাণ করা যায়নি। একটি বেইলি সেতু নির্মাণ করে সড়কটি চালু রাখা হয়েছিল। অতিরিক্ত মালবোঝাই ট্রাক ওঠার কারণে সেই সেতুটি ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তিন থেকে চার দিনের মধ্যে সড়কে যান চলাচল শুরু করার চেষ্টা করা হবে।