শরীয়তপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গত সোমবার বিকেলে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার রাজনগর ইউনিয়নের পুনাইখারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত মঙ্গলবার নড়িয়া থানায় মামলা করেছেন মেয়ের বাবা। নাসির (২৫) নামে এক যুবকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ওই ছাত্রীকে অপহরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলার সত্যতা নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ বলেন, এতে নাসিরসহ ছয়জনকে আসামি করা হয়েছে। শরীয়তপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এনায়েত হোসেন মান্নান বলেন, ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এজাহারে ছাত্রীর বাবা অভিযোগ করেন, পুনাইখারকান্দি গ্রামের নুরুজ্জামান নকীবের ছেলে নাসির তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাসির তাঁর মেয়েকে অপহরণ করেন। এ সময় প্রাইভেট পড়া শেষ করে দুই সহপাঠীর সঙ্গে সে বাড়ি ফিরছিল। অপহরণে সহযোগিতা করেন নাসিরের আত্মীয়, একই গ্রামের আক্কাসের স্ত্রী মাসুদা বেগম। ছাত্রীর বাবা অভিযোগ করেন, সম্প্রতি নাসির তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি তাঁর মেয়ে বাড়িতে এসে জানালে তাঁরা নাসিরের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। কিন্তু নাসিরের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের কেউ কিছু বলার সাহস পায়নি।স্কুলছাত্রীর দুই সহপাঠীর ভাষ্য, ওই দিন স্কুল ছুটির পর তারা এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। বাড়ি যাওয়ার পথে মাসুদা বেগম কথা আছে বলে ওই ছাত্রীকে রেখে তাদের চলে যেতে বলে। তারা কিছুদূর এগোতেই ছাত্রীর চিৎকার শুনতে পায়। পেছন ফিরে তারা দেখে, তাদের সহপাঠীকে নাসিরের হাতে তুলে দিচ্ছেন মাসুদা। এ সময় সেখানে অন্য কোনো পথচারী ছিল না। ভয়ে তারা দৌড়ে সহপাঠীর বাড়ি গিয়ে খবর দেয়। ছাত্রীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। গতকাল বুধবার নাসিরের বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। মাসুদাও পলাতক। নাসিরের মা আমেনা বিবি বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। সে স্বেচ্ছায় নাসিরের সঙ্গে চলে গেছে। তারা কোথায় আছে, আমি জানি না।’ ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক আবদুল আজিজ বলেন, ‘নাসির প্রায়ই তাকে উত্ত্যক্ত করত বলে শুনেছি।’