শরীয়তপুরে হাট-বাজারের সড়ক খানাখন্দে ভরা, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না করায় শরীয়তপুরের বিভিন্ন উপজেলার হাট-বাজারের সড়কগুলো খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা পণ্যসামগ্রী এসব হাটে আনতে গিয়ে সমস্যায় পড়ছেন। ক্রেতারা এখান থেকে পণ্য কিনে সহজে তাদের বাড়িতে নিতে পারছে না। ব্যবসায়ীদের অভিযোগ, হাট-বাজার ইজারা নীতিমালায় রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক আয়ের ১৫ শতাংশ ব্যয় করার বিধান আছে। কিন্তু উপজেলা প্রশাসন হাট-বাজারের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। শরীয়তপুরের জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জেলার ছয়টি উপজেলায় ১০১টি হাট-বাজারের ইজারা দেওয়া হয়েছে। এসব হাট-বাজার থেকে প্রতি অর্থবছরে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা রাজস্ব আদায় করা হয়। কৃষিপণ্যের জন্য বিখ্যাত জাজিরা উপজেলার কাজীরহাট, লাউখোলা, গঙ্গানগর, নড়িয়া উপজেলার ভোজেশ্বর, ঘড়িসার, নশাসন, বিঝারী, কাঞ্চনপাড়া, সুরেশ্বর, ওয়াপদা, সদর উপজেলার আঙ্গারিয়া, মনোহর বাজার, চিকন্দী, বুড়িরহাট, চন্দ্রপুর, গয়াতলা, তুলাতলা, ডামুড্যা উপজেলার শিধুলকুড়া, কাইলাড়া, গোসাইরহাট উপজেলার পট্টি, কোদালপুর, হাটুরিয়া, নাগেরপাড়া, ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর, রামভদ্রপুর, কার্তিকপুর, মোল্যার বাজার, বালার বাজার, ডিএমখালী ও সখীপুর হাটের সড়কগুলো খানাখন্দকে ভরা। এসব জায়গায় প্রতিদিন বাজার ও সপ্তাহে দুই দিন হাট বসে। প্রতিটি হাট-বাজারের অভ্যন্তরে চার থেকে ১০টি রাস্তা আছে। ইটের তৈরি এসব রাস্তায় বর্ষা মৌসুমে পানি জমে কাঁদার সৃষ্টি হয়েছে। ভোজেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী গোরাপী বলেন, ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে খাজনা আদায় করা হয়। পণ্যসামগ্রী বিক্রি করতে গিয়ে তারা যে দুর্ভোগে পরে তা কর্তৃপক্ষ নজর দেয় না। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিতাইচন্দ্র সেন বলেন, উপজেলা প্রশাসন থেকে হাট-বাজারের অভ্যন্তরের রাস্তাগুলো সংস্কার করার কথা। কিন্তু প্রয়োজনীয় অর্থ না থাকায় তা সম্ভব হচ্ছে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, শরীয়তপুরের চারটি হাটের রাস্তার সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।